১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 08:47 PM

Updated : 15 Nov 2026, 08:47 PM

বগুড়ার সোনাতলায় উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাতলা থানার ওসি কবীর হোসেন।

অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্যের নাম মোয়াজ্জেম হোসেন মন্ডল (৭৫)। তিনি ওই গ্রামের মৃত মজিবুর রহমান মন্ডলের ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে নিজের দোতলা বাড়িতে থাকেন তিনি।

মোয়াজ্জেম হোসেন বলেন, ডাকাতেরা বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়।

তিনি বলেন, প্রথমে ডাকাতেরা তার কাছ থেকে চার ভরি স্বর্ণালঙ্কার ও পাঁচ লাখ টাকা নেয়। এরপর তার ছেলের স্ত্রী কামরুল নাহার নূরের ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

পরে ডাকাত দলের কয়েকজন দোতলায় গিয়ে তার ছোট ছেলের স্ত্রী মায়া খাতুনের ঘরে ঢোকে। সেখান থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা নিয়ে যায়।

সব মিলিয়ে ডাকাতেরা ৩১ ভরি স্বর্ণালঙ্কার ও ছয় লাখ টাকা লুট করেছে বলে দাবি করেন মোয়াজ্জেম হোসেন।

ওসি কবীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।