ফরিদপুরে ইউএনওর উপর হামলা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার মানববন্ধন হয়েছে।
ফরিদপুরের মধুখালীতে ইউএনওর উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ডুমাইন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন: ডুমাইন ইউপির চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন, নিশ্চিন্তপুর গ্রামের মো. প্রিন্স মোল্যা, ইব্রাহিম মোল্যা ও কবিরুল ইসলাম।
ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জায়গা নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ ছিল।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসন সেখানে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকাবাসী মাইকিং করে লোক জড়ো করে হামলা চালায়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় একটি সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় মধুখালী থানার এসআই প্রবীর কুমার এবং ইউএনওর গাড়ি চালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন।
ওসি শহিদুল ইসলাম জানান, অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যহত আছে।
এদিকে, ওই আশ্রয়ণ প্রকল্পের জমির বিরোধ নিয়ে এলাকাবাসীর হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেইট এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান পরিষদ, প্রাথমিক শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির যৌথ ব্যানারে এ কর্মসূচি হয়।
এতে হামলার ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
আরও পড়ুন:
