রাড্ডায় হামলা: ‘শুটার লেলিন’ ২ দিনের রিমান্ডে
চট্টগ্রামের মীরসরাই থেকে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
ঢাকার মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
৪৬ বছর বয়সী লেলিনকে সোমবার ভোরে চট্টগ্রামের মীরসরাই থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব।
সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ডিবির মিরপুর জোনাল টিম লেলিনকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। আর পাকা ভবনের আল্ট্রাসনোগ্রাম কক্ষ, টিকাকক্ষ, ল্যাবরেটরিসহ পাঁচটি কক্ষের জানালা-দরজা ভেঙে ফেলা হয়।
ভবনটি থেকে সব ধরনের আসবাবপত্র, ওষুধসামগ্রী, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও আলমারি নিয়ে যায় হামলাকারীরা। সব মিলিয়ে পুরো স্থাপনাটিতে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
শাহ আলী থানার এ মামলায় বাদী হন স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াসহ ‘অজ্ঞাতনামা’ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।
পুলিশ বলেছে, ওই মামলায় লেলিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মিরপুর এলাকায় চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। সমালোচনার মুখে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।
