১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান: ১১ দিনে আটক ২৭৬৫, মুচলেকায় ছাড়া ১১৫৯

অপরাধ যাচাই-বাছাই করে এক হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 11:23 PM

Updated : 12 Nov 2026, 11:23 PM

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এরসঙ্গে ছিনতাই ও মাদকবিরোধী অভিযানও পরিচালনা করা হচ্ছে।

নিয়মিত অভিযানে নগরের ১৮টি থানা থেকে ১১ দিনে দুই হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে; যাদের মধ্যে এক হাজার ১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে বাকি এক হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।

বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, দুই মাস ধরে নিয়মিতভাবে কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে নগরীতে ছিনতাই ও বখাটেদের উৎপাত কমে এসেছে বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপারের।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় থেকে কারবারিদের আটক এবং মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। সাধারণ মানুষের জীবনযাপনে স্বস্তি ফেরাতে পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সি বখাটেদের উৎপাত রয়েছে, সেই সব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।

অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেবিষয়ে কঠোর তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সন্ত্রাস ও নাশকতা দমনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর দিকেও নজরদারির পাশাপাশি বিভিন্ন অপরাধের দায়ে অনেককেই গ্রেপ্তার করার কথা বলেছেন পুলিশ সুপার।