‘কিশোর গ্যাং’: কুমিল্লায় একদিনে আরও ৩৫১ জন আটক
গত ৩৬ দিনে মোট ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে আরও ৩৫১ জনকে আটকের খবর দিয়েছে পুলিশ।
তাদের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর অপরাধে ‘সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায়’ ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলার ১৮টি থানায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একযোগে অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে কিশোর গ্যাং বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৩৬ দিনে ৫ হাজার ২৪৬ আটক করা হয়েছে।
যার মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, “বৃহস্পতিবার মহানগরের বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এ অভিযান চালানো হয়েছে।”
“অভিযানে মোট ৩৫১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা সংশ্লিষ্ট জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”
এ পুলিশ কর্মকর্তা বলছেন, “উঠতি বয়সী কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
“তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তা কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।”
