‘কিশোর গ্যাং’: উত্থান ঠেকাতে উপজেলাগুলোয় কমিটি করছে সরকার
ইউএনওকে সভাপতি ও থানার ওসিকে সদস্য-সচিব করে কমিটি তৈরি করা হবে।
‘কিশোর গ্যাং’ প্রতিরোধে দেশের উপজেলাগুলোতে কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়ে বলছে, ইউএনওকে সভাপতি ও থানার ওসিকে সদস্য-সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং এর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান।
গত সপ্তাহে কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে পাঁচ শতাধিককে গ্রেপ্তার করে। চাঁদপুরেও কিশোর গ্যাং সন্দেহে ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মাসে চট্টগ্রামে সবজি বিক্রেতা হৃদয় (১৬) খুনের ঘটনার পেছনে ‘কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র’ বিরোধের জের রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত ৬ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করার পর পুলিশ তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেয়।
দেশের বিভিন্ন জেলায় কিশোর গ্যাং সন্দেহে গ্রেপ্তার হওয়াদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারাগারগুলোতে চাপ বেড়েছে বলে কেন্দ্রীয় কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠানে বলেছিলেন মোহাম্মদপুর মিরপুর পল্লবী এলাকায় কোন কিশোর গ্যাং ‘থাকবে না’।
বিভিন্ন স্পটে অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে বলেছিলেন,“ যত পুলিশ লাগে তা দেওয়া হবে। কিশোর গ্যাং’এর অস্থিত্ব থাকবে না। শব্দটা থাকবে না। র্যাব পুলিশ যৌথ অভিযান চালাবে।”
