লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনের অভিযানে আটক ১৮২
আটকদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ।
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে পুলিশের অভিযানের দ্বিতীয় দিনে আরও ১৮২ জনকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী মঙ্গলবার রাত ১২টার দিকে বলেছেন, আটকদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশের তথ্যানুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানায় অভিযান চালিয়ে ১৮২ জনকে আটক করা হয়। এরমধ্যে সদর থানা থেকে ৬০ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন, কমলনগর ১৭ জন ও ডিবি ২৩ জনকে আটক করেছে। কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উত্ত্যক্ত করা, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদেরকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
লক্ষ্মীপুরের ছয়টি থানায় ‘কিশোর গ্যাং’ ও উঠতি বয়সি ‘বখাটেদের’ বিরুদ্ধে সোমবার থেকে একযোগে অভিযান শুরু করে জেলা পুলিশ। ওইদিন ২৬৬ জনকে আটকের তথ্য দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২১৪ জনকে পরে ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর অঙ্গীকারে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
