লক্ষ্মীপুরে ‘কিশোর গ্যাং’বিরোধী অভিযানে এক রাতে আটক ২৬৬
হত্যা, ধর্ষণ ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি ৫২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের ছয়টি থানায় ‘কিশোর গ্যাং’ ও উঠতি বয়সি ‘বখাটেদের’ বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৬৬ জনকে আটক করেছে জেলা পুলিশ।
রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে জানান লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ জানায়, আটক ২৬৬ জনের মধ্যে ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর অঙ্গীকারে ২১৪ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আর হত্যা, ধর্ষণ ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি ৫২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।
অভিযানে সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানা পুলিশসহ গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। কিশোর অপরাধ প্রতিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্তকরণ বন্ধ, মাদক বিস্তার রোখা ও মারামারিসহ নানা অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
