১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

তৈরি পোশাকের দুটি রপ্তানি চালান আটক, দেড় কোটি টাকার ‘শুল্ক-কর ফাঁকি’

এই দুটি চালানের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত ও মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছে এনবিআর।

তৈরি পোশাকের দুটি রপ্তানি চালান আটক, দেড় কোটি টাকার ‘শুল্ক-কর ফাঁকি’

রিজ নিটওয়্যার লিমিটেডের রপ্তানি পণ্যের চালান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 11:14 PM

Updated : 12 Nov 2026, 11:14 PM

বন্দর এলাকার বাইরে দুটি বিশেষায়িত কন্টেনাইর ডিপোতে (অপডক) অভিযান চালিয়ে তৈরি পোশাকের দুটি চালান আটক করেছে।

রপ্তানির জন্য আনা চালান দুটির ক্ষেত্রে দেড় কোটি টাকার শুল্ক ও কর ফাঁকি জড়িত বলে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর দাবি করেছে।

এ ক্ষেত্রে বন্ড সুবিধায় আমদানি করা কাপড় ‘অবৈধভাবে অপসারণের’ প্রমাণ মিলেছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার চট্টগ্রাম কাস্টমসের দুটি দল আলাদা দুটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো-আইডিসিতে অভিযান চালায়।

সে দিন দুপুরে কিউএনএস কন্টেইনার সার্ভিস লিমিটেড নামের অফডকে ঢাকার সাভারের ঈগল টেক্সটাইলসের একটি রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

Image

ঈগল টেক্সটাইলসের রপ্তানি পণ্যের চালান।

এ চালানের ঘোষণায় চার ধরনের মোট ২৩৭ কার্টুন পণ্যের কথা বলা হলেও কায়িক পরীক্ষায় ১৪ ধরনের পণ্য ২৩৭টি বস্তায় ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস ‘স্টক লট’ তৈরি পোশাক হিসেবে পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্ড সুবিধার আওতায় আমদানি করা কাপড় অবৈধভাবে অপসারণ করা হয়েছে। এতে করে শুল্ক ফাঁকির ঘটনা ঘটেছে প্রায় ৮০ লাখ টাকা। আর স্থানীয়ভাবে সংগৃহীত তৈরি পোশাকের বিপরীতে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ফাঁকির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

বুধবার বিকালে আরেকটি অভিযান পরিচালিত হয় চট্টগ্রামের বেসরকারি অফডক শফি মোটরস লিমিটেডে।

সেখানে রিজ নিটওয়্যার লিমিটেডের রপ্তানি চালানের ঘোষণায় এক ধরনের ৬৮৭ কার্টুন পণ্যের কথা বলা হলেও ৫০ ধরনের পোশাক পণ্য মিলেছে, যা রপ্তানির ঘোষণা বহির্ভূত।

এ চালানে বিজিএমইএ এর দেওয়া ইউটিলাইজেশন ডিক্লারেশন-ইউডি অনুসারে ৯৬ শতাংশ পলিস্টার ও ৪ শতাংশ স্পেনডেস্ক ফেব্রিক্সের ৬৫ হাজার ৫০ পিস পণ্য কায়িক পরীক্ষায় পাওয়া যায়নি বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এক্ষেত্রে বন্ড সুবিধায় আমদানিকৃত কাপড় অবৈধভাবে অপসারণের সঙ্গে জড়িত শুল্কের পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা।

এই দুটি চালানের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত ও মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছে এনবিআর।