১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দে মিগেলের মৃত্যুতে জিদানের ঢুসের কথা স্মরণ করে ‘ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ’ মাতেরাস্‌সি

২০ বছর আগে বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনায় ফিরে তাকালেন ইতালির সাবেক ডিফেন্ডার।

দে মিগেলের মৃত্যুতে জিদানের ঢুসের কথা স্মরণ করে ‘ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ’ মাতেরাস্‌সি

মাঠে সংঘর্ষে মাটিতে লুটিয়ে পড়েন স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেল, পরে হাসপাতালে মৃত্যু হয় তার। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 10:55 PM

Updated : 12 Nov 2026, 10:55 PM

স্প্যানিশ স্ট্রাইকার হেসুস দে মিগেলের মৃত্যু নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে। মাঠে সংঘর্ষে তার মৃত্যুর ঘটনায় দুই দশক আগে বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদানের ঢুসের শিকার হওয়ার কথা মনে পড়ে গেছে মার্কো মাতেরাস্‌সির। ওই ঘটনায় গুরুতর আহত না হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইতালির সাবেক ডিফেন্ডার।

২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের অধিনায়ক ছিলেন জিদান। ইতালির বিপক্ষে বার্লিনের ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ দিকে মাতেরাস্‌সির বুকে সজোরে মাথা ঠুকে দেন তিনি। আঘাতে পেছনে ছিটকে পড়েন ইতালির ফুটবলার।

ওই ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জিদান। এর মধ্য দিয়েই শেষ হয় তার বর্ণাঢ্য ক্যারিয়ার। ম্যাচটি পরে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স।

চলতি মাসের শুরুতে স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওউনোর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর হাসপাতালে মারা যান দে মিগেল। এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে নিজের সঙ্গে ঘটা সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেন মাতেরাস্‌সি।

ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার মাতেরাস্‌সি বলেন, “হেসুস দে মিগেলের মৃত্যু আমাকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হতে বাধ্য করেছে যে, (ঢুসের ঘটনায়) আমার কিছু হয়নি।”

২০১০ সালে জিদানের সঙ্গে দেখা হওয়ার কথাও স্মরণ করেন মাতেরাস্‌সি। এভারটন ও ইন্টার মিলানের সাবেক এই ফুটবলার বলেন, ওই সময় জিদান তাকে বলেছিলেন, সেই তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে এসেছেন তিনি। যদিও পরে মাতেরাস্‌সির বর্ণনা অনুযায়ী সাক্ষাৎটি হওয়ার কথা অস্বীকার করেন ফরাসি গ্রেট জিদান।

“সে যখন আমাকে দেখে, কিছুটা সঙ্কোচ অনুভব করে, এমনকি পেছনে ঘুরে হাঁটাও শুরু করে। তবে আমি এগিয়ে যাই এবং তার সঙ্গে হাত মিলিয়ে বলি, ‘আমার ভালো লাগছে যে, আমাদের এখানে দেখা হচ্ছে, যেখানে আমাদের কেউ দেখছে না।’

“সে উত্তরে বলে, ‘চিন্তা করো না, এমনটা হয়েই থাকে, সবকিছু এখন অতীত।’ কিন্তু দুঃখজনক হলো, সে পরে সবকিছু অস্বীকার করে এবং বলে সে আমাকে একজন ভক্ত ভেবেছিল।”

জিদান এখন ফ্রান্সের প্রধান কোচ। নেশন্স লিগের ম্যাচে বৃহস্পতিবার ইতালির বিপক্ষে মুখোমুখি হবে তার দল।