গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা: নারীসহ আরও ৪ জন গ্রেপ্তার
এ নিয়ে হামলার ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় নারীসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। এ নিয়ে হামলার ঘটনায় করা মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হল।
রোববার ভোররাতে মহানগরের সদর মেট্রো থানার পূর্ব চান্দনা (কবরস্থান) সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম (মিডিয়া)।
গ্রেপ্তাররা হলেন- সদর মেট্রো থানার পূর্ব চান্দনা এলাকার জসিমের ছেলে আকাশ হোসেন (২৩), প্রয়াত আব্দুস সোবহানের ছেলে রাজিব (২৩), প্রয়াত রবিনের ছেলে নাজমুল হোসেন নাদিম এবং রথখোলা এলাকার প্রয়াত হরমুজ মিয়ার মেয়ে শিউলি আক্তার সুমি (৩৫)।
এদিন দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা রেলওয়ে থানাধীন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণ মাথা থেকে ইয়াবাসহ আনিছ (১৯) এবং শিমলা আক্তার বৃষ্টিকে (২২) আটক করে রেলওয়ে পুলিশ।
পরে আটকদের ছিনিয়ে নেওয়ার জন্য তাদের সহযোগীরা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই নুরুল ইসলাম ঢাকা রেলওয়ে থানায় মামলা করেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এসআরবি-১ ছায়াতদন্ত শুরু করে। পরে গোপন খবর পেয়ে পূর্ব চান্দনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সকালে গাজীপুর মহানগর সদর মেট্রো থানায় হস্তান্তর করা হয় বলে জানান এসআরবির এই কর্মকর্তা।
এর আগে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শুক্রবার সকালে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানিয়েছেন।
