১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাদক কারবারিকে ছিনিয়ে নিতে গাজীপুরে ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সংঘবদ্ধ মাদক কারবারিরা হামলা চালায় বলে দাবি পুলিশের।

মাদক কারবারিকে ছিনিয়ে নিতে গাজীপুরে ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 10:02 PM

Updated : 15 Oct 2026, 10:09 PM

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা রেলওয়ে থানার আওতাধীন এই ফাঁড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন।

আহতরা হলেন- এটিএসআই নুরুল ইসলাম এবং কনস্টেবল আশিকুর রহমান। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইছজাদি গ্রামের হারেছ মিয়ার ছেলে মো. আনিছ (১৮) এবং গাজীপুর সদর থানার চা বাগান বাশতলা এলাকার মো. সেলিম মিয়া মেয়ে শিমলা (২২)।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, বিকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮টি ইয়াবা জব্দ করা হয়। পরে তাদেরকে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

তিনি বলেন, এর কিছুক্ষণ পর একদল লোক দেশি অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তবে তারা আসামিদের ছিনিয়ে নিতে পারেননি। খবর পেয়ে রেলওয়ে ও সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

ফারুক হোসেন বলেন, “হামলাকারীরা মাদক কারবারি। চলে যাওয়ার সময় তারা পুলিশ সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানান, পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা করা হবে। আটক আনিছ ও শিমলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।