গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
সকালে চান্দনা চৌরাস্তা জোবাইদা টাওয়ারে অবস্থিত টিএম ফ্যাশনের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। তারা ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয় পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার টিএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামে।
এর পরপরই চৌধুরীবাড়ী এলাকায় বেলমন্ড গার্মেন্টস, ব্রাদার্স ফ্যাশন লিমিটেড ও রুয়া ফ্যাশন লিমিটেডসহ অন্যান্য কারখানার শ্রমিকরাও বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে অবস্থান নেন।
বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা জোবাইদা টাওয়ারে অবস্থিত টিএম ফ্যাশনের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
সাড়ে ৮টার দিকে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে মিছিলসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের আশেপাশে অবস্থান নেয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, মহানগরের চৌধুরীবাড়ী এলাকার বেলমন্ড গার্মেন্টস, ব্রাদার্স ফ্যাশন লিমিটেড, রুয়া ফ্যাশন লিমিটেডসহ আশপাশের কারখানার শ্রমিকরাও বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে।
একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আশেপাশের গার্মেন্টসের শ্রমিকদের তাদের আন্দোলনে যোগ দিতে আহ্বান জানায়। এ সময় তাদের ওই এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ।
এছাড়া, গাজীপুর মহানগরের লক্ষ্মীপুর এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিকরাও চার মাসের বকেয়া বেতনের জন্য বিক্ষোভ করেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ করা হয়। তারপরও কথা না মানায় লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
আরও পড়ুন-
