২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে শ্রমিকের মৃত্যু: হত্যা মামলায় আসামি ৮০০, গ্রেপ্তার ৯

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে সোমবার বিকালে অনন্ত গ্রুপের এবিএম ফ্যাশন লিমিটেড কারখানায় আগুন দেওয়া হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 12:09 AM

Updated : 02 Nov 2023, 12:09 AM

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক আন্দোলনের সময় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিসংযোগ এবং পুড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে কারখানার নিরাপত্তাকর্মী গোলজার হোসেন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। এতে অজ্ঞাত আরও ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- গাজীপুরের আমবাগ পূর্বপাড়া এলাকার মো. শের আলী (১৯), কোনাবাড়ী এলাকার মো. রিফাত (১৯), আমবাগ এলাকার খোবায়েত (২০), কোনাবাড়ী কুদ্দুসনগর পুকুরপাড়া এলাকার মো. নূর হোসেন (১৮), আমবাগ এলাকার শান্ত তালুকদার (২১), বাইমাইল এলাকার মো. ইয়াসিন (১৯), কোনাবাড়ী এলাকার মহিদুল ইসলাম (২০), হরিনাচালা সেলিমনগর এলাকার মো. তোফায়েল (২২) ও আমবাগ পূর্বপাড়া এলাকার রহিম বাদশা (২২)।

মামলার বরাতে পুলিশ জানায়, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের মধ্যে সোমবার দুপুরে অনন্ত গ্রুপের এবিএম ফ্যাশন লিমিটেড কারখানা ছুটি ঘোষণা করা হয়। বিকালে আন্দোলনরত শ্রমিকরা কারখানায় ভাঙচুরের চেষ্টা করে। তারা কারখানার মেইন গেইট, সীমানা প্রাচীর ও পেছনের গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেলে নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়।

একপর্যায়ে হামলাকারীরা কারখানার নীচতলা থেকে পাঁচতলা পর্যন্ত অফিস কক্ষ, মেশিনারিজ, গার্মেন্টস এক্সেসরিজ, পোশাক, ফেয়ার প্রাইজ সপ, জেনারেটর, কমপ্রেসার ও এসি ভাঙচুর করে। পরে তারা পেট্রোল দিয়ে কারখানার নীচতলা থেকে চারতলা পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়।

পুরনো খবর:

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সময় কারখানায় আগুন, নিহত ১
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, গুলিতে একজনের মৃত্যু

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে কারখানার ভেতর থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

কোনাবাড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, কারখানা ও আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে অনেককে শনাক্ত করা হয়েছে।

এদিকে বুধবার দুপুরে এবিএম ফ্যাশন পরিদর্শন করেন ইন্টিলিজেন্স হেডকোয়ার্টার শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমান, উপকমিশনার (উত্তর বিভাগ) মো. কামাল হোসেন, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন।