স্বতন্ত্র প্রার্থী পেটানোর হুমকি: সেই ছাত্রলীগ নেতার মুক্তির দাবি
রিমনকে মুক্তি না দিলে রোববার ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্রগ্রাম রেলপথ অবরোধের হুমকি দেন বিক্ষোভকারীরা।
স্বতন্ত্র প্রার্থী পেটানোর হুমকি দিয়ে নিবার্চনি আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে গ্রেপ্তার নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।
শনিবার দুপুরে এ কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের অন্তত পাঁচশত নেতাকর্মী।
এ সময় শহরের উপজেলা মোড়ে কোর্ট রোডসহ ভেলানগর হতে আরশীনগর পর্যন্ত দুই কিলোমিটার সড়কে যানচলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা ৷
দেড় ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর দেড়টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রিমনকে মুক্তি না দিলে রোববার ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্রগ্রাম রেলপথ অবরোধের হুমকি দেন বিক্ষোভকারীরা।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম শাওন বলেন, “জেলা ছাত্রলীগ রিমনের সঙ্গে যা করা হয়েছে তা অন্যায়। এই মুহূর্তে আমরা আমাদের নেতার মুক্তি চাই।”
বুধবার দুপুরে নরসিংদী-১ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর মতবিনিময় সভায় ওই আসনের স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেওয়ান অভিযোগ উঠে রিমনের বিরুদ্ধে।
একই সঙ্গে নির্বাচনি আইন লঙ্ঘনের এ ঘটনায় তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়ে বৃহস্পতিবার রাতে রিমনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি।
নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার রাতে নরসিংদী সদর উপজেলা নির্বাচনি কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় রিমনের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় শুক্রবার দুপুর পৌনে ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে রিমনকে গ্রেপ্তারের পর নরসিংদীতে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
