২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কৃষককে কোপানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

গরু চুরিকে কেন্দ্র করে ইউপি সদস্যের সঙ্গে ওই কৃষকের তর্কাতর্কি হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 10:59 AM

Updated : 12 Dec 2022, 11:02 AM

মাদারীপুরের সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়ার এলাকায় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান।

আহত ৪৫ বছর বয়সী আক্কাস হাওলাদারের বাড়ি ওই ইউনিয়নের বড় খাল পাড় এলাকায়। এ ঘটনায় তার স্ত্রী ময়না বেগম (৩০) ও ছেলে রোমান হাওলাদার (৩) আহত হয়েছে।

এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন মস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াউল হাওলাদার (৩৫), তার অনুসারী কুদ্দুস হাওলাদার (৫০), শাহীন হাওলাদার (৩৫), আবু তালেব হাওলাদার (৪৫) ও আকাশ হাওলাদারের (২০)।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, গত অক্টোবর মাসের ১০ তারিখে কৃষক আক্কাসের তিনটি গরু চুরি হলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে আক্কাসের সঙ্গে ইউপি সদস্য জিয়াউলের বিরোধ তৈরি হয়।

রোববার সন্ধ্যায় আক্কাস তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মাদারীপুর শহর থেকে বাড়ি ফেরার পথে জিয়াউল ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

পরে চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

কৃষক আক্কাসের স্ত্রী ময়না বেগম বলেন, “আমাদের গরু চুরি হওয়া নিয়ে জিয়াউল মেম্বার আমার স্বামীর সঙ্গে তর্ক করতে আসে। রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি ও তার অনুসারীরা রামদা, কুড়াল ও হাতুর নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।”

ওসি মনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবেন তারা।