২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সংঘর্ষ: বিএনপির ১১৩ জনের নামে মামলা

দুই দিন আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিএনপির পদযাত্রায় বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

নারায়ণগঞ্জে সংঘর্ষ: বিএনপির ১১৩ জনের নামে মামলা

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর ঢালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমগ্র

Published : 21 Aug 2023, 03:56 PM

Updated : 21 Aug 2023, 07:18 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১৩ নেতা-কর্মী ও অজ্ঞাত পরিচয় আরও ৫০০-৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

রোববার রাতে এসআই ফিরোজ আহমেদ বাদী হয়ে সোনারগাঁ থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি করেন বলে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান।

মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে আসামি করা হয়েছে৷

আসামিদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন ঘটানো, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার পরিদর্শক আহসান উল্লাহ বলেন, মামলায় এজাহারনামীয় দুই জন এবং সন্দেহভাজন হিসেবে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তাররা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গ্রেপ্তার আসামিরা হলেন- সোনারগাঁয়ের কাফুরদী এলাকার গাজী সুরুজ (৪৮), পাকুন্ডা এলাকার ইব্রাহিম (৫৫), রূপগঞ্জের চনপাড়া এলাকার মো. সুমন (৩৩), একই এলাকার মো. আয়নাল (২৮), রুহুল আমিন (১৮), সাজ্জাদ হোসেন (১৮), মো. মাহবুব (১৮), মো. মিন্টু (১৮) ও মো. পারভেজ (১৮)। এদের মধ্যে সুরুজ ও ইব্রাহিম এজাহারভুক্ত আসামি।

বিকালে রিমান্ড শুনানি শেষে গাজী সুরুজকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাওসার আলম। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

গত শনিবার বিকালে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ।

বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছোড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

এই ঘটনায় দায়ের করা পুলিশের মামলায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, লোহার রড, বাঁশ, ইটের টুকরা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে।

সংঘর্ষের সময় পুলিশ ৪৮ রাউন্ড শর্টগানের বুলেট, ৪৫ রাউন্ড কাঁদুনে গ্যাস এবং ২টি সাউন্ড গ্রেনেড ছুড়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।

আরও পড়ুন-

পুরনো খবর:

নারায়ণগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ২৫