২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিয়ে ৩ খুনে আরেকটি মামলা

এর আগে প্রতিপক্ষ দ্বীন ইসলামের সমর্থকরা দুটি হত্যা মামলা করেন। এ নিয়ে মোট তিনটি হত্যা মামলা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 08:35 PM

Updated : 19 Jul 2023, 08:35 PM

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে তিন খুনের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

বুধবার সকালে গ্রামের মালদার আলীর পক্ষের নিহত শাহজাহান মিয়ার ভাতিজা সৈয়দ হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন বলে জানান শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী।

তিনি আরও বলেন, মামলায় ১১৩ জনকে আসামি করা হয়েছে।

এর আগে প্রতিপক্ষ দ্বীন ইসলামের সমর্থকরা দুটি হত্যা মামলা করেন। এ নিয়ে মোট তিনটি হত্যা মামলা হয়েছে।

হাসনাবাদ গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরেই দ্বীন ইসলাম ও মালদার আলীর সমর্থকদের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্ব রয়েছে। আগে থেকেই তাদের মধ্যে সংঘর্ষ ও মামলা রয়েছে। এর মধ্যে ৭ জুলাই হাসনাবাদ গ্রামের মসজিদে একটি কাঁঠাল দান করেন এক ব্যক্তি। নামাজ শেষে ওই কাঁঠাল নিলামে তোলা হয়।

কাঁঠালটি কিনে নেন মালদার আলী পক্ষের খসরু মিয়া। তখন নিলাম ডাক শুনতে পাননি এই দাবি জানিয়ে ফের নিলাম ডাকার আহ্বান জানান দ্বীন ইসলাম পক্ষের আব্দুল বাহার।

এ নিয়ে দুপক্ষের সমর্থক ও আত্মীয়-স্বজনরা মসজিদেই তর্কাতর্কিতে জড়ান এবং ওইদিন হাতাহাতির ঘটনাও ঘটে। এর জের ধরে ১০ জুলাই দুপক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তিনজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়।

এদিকে সংঘর্ষের দুদিন পর ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মালদার আলী পক্ষের মোখলেছুর রহমান চিকিৎসা নিতে শহরে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত হন। পরে রাতে তিনি বাড়িতেই মারা যান। অনেকে একে সংঘর্ষের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছেন।

তবে মোখলেছুর রহমানের মৃত্যুর ঘটনার সঙ্গে সংঘর্ষের কোনো সম্পর্ক নেই বলে জানায় তার পরিবার ও পুলিশ।

আরও পড়ুন:

পুরনো খবর:

সুনামগঞ্জের মসজিদে কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষ, নিহত ৩
মসজিদের কাঁঠাল নিয়ে ৩ খুন: এক সপ্তাহ পর একপক্ষের ২ মামলা