সাভারে মাদ্রাসায় ৫ শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই শিক্ষক গ্রেপ্তার
শিশুদের পরিবারের দাবি, ওই শিক্ষকদের এমন শাস্তি হওয়া উচিত, যেন আর কোনো শিক্ষক এমন কাজ করার সাহস না পায়।
ঢাকার সাভারে বিভিন্ন সময় দুটি মাদ্রাসায় পাঁচ শিশু-শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এসব ঘটনায় পুলিশ দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে।
সংশ্লিষ্ট এলাকার থানা ও পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা উত্তরপাড়া এলাকার ‘আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদ্রাসা ও সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার ‘আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় ঘটনাগুলো ঘটে।
শিশু-শিক্ষার্থীরা মাদ্রাসা দুটির আবাসিক ছাত্র ছিল। তাদের বয়স ৯ থেকে ১২ বছরের মধ্যে।
বুধবার বিকালে কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন হাওলাদার বলেন, ‘আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদ্রাসা’র চার শিক্ষার্থীর পরিবারের পক্ষে এক শিক্ষার্থীর স্বজন বাদীয় হয়ে গত সোমবার সাভার মডেল থানায় মামলা করেন।
পুলিশ সেদিনই ওই মাদ্রাসার হাফেজ শামীম (২১) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শামীম নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রামের বাসিন্দা।
একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বিভিন্ন সময়ে তাদের মারধর ও হত্যার ভয় দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতন করতেন শিক্ষক শামীম।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল আমিন হাওলাদার বলেন, গত কয়েক মাস ধরে মাদ্রাসার ভেতর ঘটে যাওয়া ঘটনায় এক শিশু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।
তার ধারণা, আরও অনেক শিক্ষার্থী ওই মাদ্রাসায় ধর্ষণের শিকার হয়েছে কিন্তু লজ্জায় কেউ মুখ খুলছে না।
তিনি আরও বলেন, “ম্যাজিস্ট্রেটের সামনে শিশুরা যে জবানবন্দি দিয়েছে, তা শুনলে যেকারও শরীরের লোম দাঁড়িয়ে যাবে।”
শিশুদের পরিবারের দাবি, ওই শিক্ষকের এমন শাস্তি হওয়া উচিত, যেন আর কোনো মাদ্রাসাশিক্ষক এমন কাজ করার সাহস না পায়।
আজিজুল উলুম কাউন্দিয়া মডেল মাদরাসার মালিক ও প্রিন্সিপাল আজিজুল হক মোবাইল ফোনে বলেন, “ওই শিক্ষককে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিয়েছি। এ ঘটনায় আর কোনো কথা বলব না।”
এ কথা বলেই তিনি ফোন কল কেটে দেন।
অপরদিকে, সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার ‘আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় এক শিশু-শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গত শুক্রবার সাভার মডেল থানায় মামলা দায়ের করেন শিশুটির মামা।
পরে পুলিশ ওই মাদ্রাসার শিক্ষক আলী হোসেনকে (২৪) গ্রেপ্তার করে বলে জানান সাভার মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম।
গ্রেপ্তার আলী হোসেন মৌলভীবাজার সদরের আথানগিরি থানা এলাকার বাসিন্দা।
মামলায় বলা হয়েছে, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই শিশু-শিক্ষার্থীকে তার বিছানা থেকে ডেকে মাদ্রাসা ভবনের পঞ্চম তলায় শৌচাগারে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন শিক্ষক আলী হোসেন। ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন। ওইদিন রাতে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়; পরদিন মামলা হয়।
গত রোববার ঢাকার বিচারিক হাকিম শেখ মুজাহিদুল ইসলামের সামনে শিশুটিকে হাজির করলে সে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দেয় বলে জানান এসআই জহুরুল।
এ বিষয়ে আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার চেয়ারম্যান এনামুল হাসান সাদীর মোবাইল ফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি লাইনটি কেটে দেন। এরপর একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
