২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসা রহিমা দাখিল পাস করলেন ৪৬ এ এসে

এ বয়সে এসে দাখিল পাস করায় পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের অভিনন্দন ও ভালোবাসায় তিনি মুগ্ধ!

অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসা রহিমা দাখিল পাস করলেন ৪৬ এ এসে

রহিমা বেগম

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 01:55 PM

Updated : 30 Jul 2023, 04:01 PM

৪৬ বছর বয়সে দাখিল পাস করলেন অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসা কুড়িগ্রামের রহিমা বেগম।

গত শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে জেলার কাঁঠালবাড়ি মহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসা থেকে জিপিএ ৩.৬০ পেয়ে দাখিল পাস করেন তিনি।

রহিমা বেগম কুড়িগ্রাম পৌর এলাকার খলিলগঞ্জ নাজিরাপাড়া গ্রামের বাসিন্দা।

কুড়িগ্রাম সরকারি কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত রহিমার স্বামী আব্দুল জলিল সরকার মজনু একজন রাজমিস্ত্রি।

রহিমা জানান, চতুর্থ শ্রেণি শেষে করার পর দরিদ্র্যতার কষাঘাতে আর স্কুলমুখি হতে পারেননি; মাত্র ১৩ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে।

সংসার জীবনে তার এক মেয়ে ও এক ছেলে। মেয়েকে বিয়ে দিয়েছেন আর ছেলে কুড়িগ্রাম সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।

তিনি আরও জানান, তার মেয়ের দিকের নাতি এখন স্কুলে যাচ্ছে। সেই নাতিকে স্কুলে আনা-নেওয়ার কাজটা করতে করতে দীর্ঘ বছর পর উজ্জীবিত হন নতুন করে পড়াশোনার শুরু করার জন্য।

পরে কুড়িগ্রাম কাঁঠালবাড়ি মহিউস সুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসায় ভর্তি হন।

এ বয়সে এসে দাখিল পাস করায় পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের অভিনন্দন ও ভালোবাসায় মুগ্ধ রহিমা বেগম।

তিনি বলেন, “লোকলজ্জা আর বয়সের ভয় না করে আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। চতুর্থ শ্রেণি শেষে করার পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। বিয়ে-সংসার-চাকরি সবকিছুর মাঝে নিজের ইচ্ছা থেকেই আবারও পড়াশোনা শুরু করি। আমার পড়াশোনার ব্যাপারে স্বামী-সন্তান ও সহকর্মীরা উৎসাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এ বছর দাখিল পাস করলাম। আমার ইচ্ছা কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার।”

রহিমা বেগমের মেয়ে মজিদা আক্তার পপি বলেন, “মা এই বয়সে এসে সংসার ও চাকরি করার পরও পরীক্ষায় পাস করবেন তা ভাবতে পারিনি। এই খুশি ভাষায় প্রকাশ করার মত না।” 

যে মাদ্রাসা থেকে ওই নারী দাখিল পাস করেছেন সেই প্রতিষ্ঠানের সুপার রেজাউল করিম বলেন, ২০২০ সালে রহিমা বেগম তাদের মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে ভর্তি হন।

“মাদ্রাসাটির অনেক নিয়মিত শিক্ষার্থী এবার দাখিল পরীক্ষায় ফেল করলেও এই বয়সে রহিমা বেগম উত্তীর্ণ হয়েছেন, এটা খবই খুশির খবর।”

কুড়িগ্রাম সরকারি কলেজ অধ্যক্ষ মির্জা মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, “রহিমা বেগম আমার কলেজের একজন কর্মচারী। তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে এ বছর এসএসসি/সমমান পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৬০ অর্জন করেছেন। বয়স কিংবা কোনো বাধাই তাকে আটকাতে পারেনি। পড়াশোনা মাঝপথে কিংবা শুরুতে থেমে যাওয়া মহিলা-পুরুষদের জন্য রহিমা একটি প্রেরণার উৎস।”

তিনি আরও বলেন, “সে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হতে চাইলে তাকে সহযোগিতা করা হবে।”