মেঘনায় ট্রলার ডুবি: শিশুসহ দুইজনের লাশ উদ্ধার
নিখোঁজ তিন শিশুর সন্ধানে তৃতীয় দিনের মত বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে বালুবাহী নৌযানের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ ৩ জন৷
রোববার সকাল সাতটার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা থেকে ভাসমান অবস্থায় এক শিশু এবং সকাল ১০ টায় মুন্সীগঞ্জের সদর উপজেলার চরঝাপটা এলাকা থেকে এক যুবকের মরদেহ পাওয়া যায় বলে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নারায়ণগঞ্জ বন্দর) ওবায়দুল করিম খান জানান।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দক্ষিণ ফুলদি গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে জান্নাতুল মারওয়া (৮) এবং রংপুরের সাব্বির হোসাইন (৪০)।তিনি বোনের বাড়ি বেড়াতে আসেন।
এর আগে শনিবার ওই গ্রামের মফিজুল হকের স্ত্রী সুমনা বেগমের (২৫) লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মফিজুল হকের দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬) ও সাফা আক্তার (৪) এবং সাব্বিরের ছেলে রিমাদ (২) এখনও নিখোঁজ৷
বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক ওবায়দুল করিম বলেন, “এখনো দুর্ঘটনাকবলিত ট্রলার শনাক্ত এবং বাল্কহেড জব্দ করা যায়নি। নিখোঁজ তিন শিশুর সন্ধানে তৃতীয় দিনের মত বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ অভিযান পরিচালনা করছে।”
এর পাশাপাশি নিহত ও নিখোঁজদের পরিবারের অনেক সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা নিখোঁজদের সন্ধানে ট্রলার নিয়ে মেঘনা চষে বেড়াচ্ছেন বলে জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুবাহী নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়৷ ওই ট্রলারে সুমনার পরিবার ও আত্মীয়েরা ১১ জন ছিলেন৷ তাদের মধ্যে পাঁচ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ হয়৷
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোস্তফা মোহসীন মেঘনার তলদেশে যাওয়া ডুবুরিদের বরাত দিয়ে বলেন, বালু কাটার কারণে নদীর তলদেশ ক্ষতবিক্ষত। পানির গভীরতা ৭০ ফুট থেকে ১২০ ফুট পর্যন্ত।
আরও পড়ুন
