১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে আলাদা ঘটনায় বৃদ্ধাসহ ২ খুন

নগরীর কেদুর মোড় এবং পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 03:29 PM

Updated : 12 Oct 2026, 03:29 PM

রাজশাহীতে আলাদা ঘটনায় এক বৃদ্ধার অর্ধগলিত ও এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ভাষ্য পুলিশের।

রোববার রাতে নগরীর কেদুর মোড় এবং পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থাকার পুলিশ জানিয়েছে।

কেদুর মোড় এলাকায় নিহত বৃদ্ধার নাম বেলী খাতুন (৭০)। তিনি বাড়িতে একাই থাকতেন। তার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন এবং চার ছেলে-মেয়ে দেশের বাইরে থাকেন।

অপর নিহত জিয়ারুল ইসলাম (৪৫) পবা উপজেলার খড়খড়ি কমলাপুর এলাকার প্রয়াত ওসমান আলীর ছেলে। তিনি বাঁশের তৈরি আসবাবপত্রের ব্যবসায়ী ছিলেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারী বলেন, বেলী খাতুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রতিবেশীরা জানান, বেলীর বাড়ির এক ভাড়াটিয়া দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে তার অর্ধগলিত মৃতদেহ পায়।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারুলের সঙ্গে তার চাচাতো ভাই মিনারুলের বিরোধ ও মামলা চলছিল। রোববার মিনারুল সেই জমি এক ক্রেতাকে দেখাতে গেলে জিয়ারুলের পক্ষের লোকজন বিষয়টি জানতে পারেন।

পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে জিয়ারুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।