১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

টেকনাফে মাদক কারবারিদের সঙ্গে বিজিবির ‘গোলাগুলি’, ১০ লাখ ইয়াবা উদ্ধার

দুই উপজেলায় চালানো অভিযানে দুইজনকে আটকের পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

টেকনাফে মাদক কারবারিদের সঙ্গে বিজিবির ‘গোলাগুলি’, ১০ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আলাদা অভিযানে বিপুল ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 05:20 PM

Updated : 12 Nov 2026, 05:20 PM

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আলাদা অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে টেকনাফে মাদক কারবারিদের সঙ্গে বিজিবির ‘গোলাগুলির’ ঘটনা ঘটেছে।

বুধবার রাতে চালানো এসব অভিযানে দুই কারবারিকে আটকের পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছেন উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আটকরা হলেন- উখিয়ার আঞ্জুমানপাড়া এলাকা মো. সিদ্দিকের ছেলে মো. রমজান আলী (১৮) এবং রামু উপজেলার বাসিন্দা মো. হোসাইন (২০)।

বিজিবি জানায়, রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলার জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয় বিজিবির টহল দল।

পরে নৌকায় থাকা সাত থেকে আটজন ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কেওড়া বনের ভেতর অবস্থান নেন। খবর পেয়ে বিজিবির অন্য একটি দল স্পিডবোটে কেওড়া বনের দিকে এগিয়ে গেলে মাদক কারবারিরা গুলি ছোড়ে। এ সময় বিজিবিও পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে মাদক কারবারিদের ফেলে যাওয়া ১০ বস্তায় আট লাখ ৯০ হাজার ইয়াবা পাওয়া যায় বলে জানায় বিজিবি।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকা থেকে মো. রমজান আলীকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে এক লাখ ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. হোসাইনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বিজিবি। সীমান্ত সুরক্ষা ও অবৈধ চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি।