২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্প: ফাঁকা গুলি করে ব্যবসায়ীকে অপহরণ, ৩ যুবকের জন্য মুক্তিপণ দাবি

“মুখোশধারী সন্ত্রাসীরা কালুকে জোর করে ধরে পশ্চিমে পাহাড়ের দিকে নিয়ে যায়।”

রোহিঙ্গা ক্যাম্প: ফাঁকা গুলি করে ব্যবসায়ীকে অপহরণ, ৩ যুবকের জন্য মুক্তিপণ দাবি

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 12:38 AM

Updated : 23 Jun 2023, 12:38 AM

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাজারে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে মুখোশ পরিহিত অস্ত্রধারীরা।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্পটির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলম।

অপহৃত ব্যবসায়ীর নাম মো. ইউসুফ কালু (৪০)। তিনি হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার বাসিন্দা।

এর আগে বুধবার টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল এলাকার ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে নিখোঁজ হন তিন রোহিঙ্গা যুবক। যাদের পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানিয়েছেন ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা (মাঝি) মো. আজিজুল হক।

ব্যবসায়ী অপহরণের ঘটনা সম্পর্কে মোহাম্মদ আলম বলেন, “মুখোশধারী সন্ত্রাসীরা কালুকে জোর করে ধরে পশ্চিমে পাহাড়ের দিকে নিয়ে যায়। অপহরণ করার সময় আশপাশের লোকজনকে ছত্রভঙ্গ করতে ও ভয় দেখাতে তারা ফাঁকা গুলি ছোড়ে।”

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ১৬ এপিবিএন পুলিশ। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা যায়নি।

হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলীখালি রফিক নামে বার্মাইয়া ডাকাত গ্রুপ ও ডাকাত ছালে গ্রুপের সদস্যরা হয়ত এ ব্যবসায়ীকে অপহরণ করেছে। তবে কোনোকিছুই নিশ্চিত নয়।

এ ব্যাপারে বিস্তারিত জানতে টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিমের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হোয়াইক্যং থেকে অপহৃত তিন রোহিঙ্গা হলেন, চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের সি/১ ব্লকের নবি হোসাইনের ছেলে রিজিম উল্লাহ (২৫), মো. খলিলের ছেলে রিয়াজ উদ্দিন (২১) এবং ইসমাইলের ছেলে মজিবুল্লাহ (২৬)।

চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মো. আজিজুল হক ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার সকাল ১০টার দিকে ক্যাম্প থেকে বের হয়েছিল তিন যুবক।

“বৃহস্পতিবার সকালে তারা পরিবারের সদস্যদের কাছে ফোন করে জানায় তারা অপহৃত হয়েছে। মুক্তিপণের জন্য ব্যাপক নির্যাতন করা হচ্ছে। ৩ লাখ টাকা মুক্তিপণ না দিলে তাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে।”

হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন ইনচার্জ পরিদর্শক সরেজ চন্দ্র বলেন, “সকালে মিয়ানমারের একটি টেলিফোন নম্বর থেকে ভিকটিমদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের টাকা দাবি করা হচ্ছে বলে অপহৃত একজনের পরিবার আমাদের জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এর আগে গত ৭ মাসে টেকনাফে ৭৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনজনের মৃতদেহ উদ্ধার হলেও অন্যরা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এসব অপহরণের ঘটনায় মামলা হয়েছে ৩৯টি।

আরো পড়ুন

পুরনো খবর:

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে  আটক ২, অস্ত্র জব্দ
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ১
শ্বশুরবাড়ি গিয়ে ‘অপহৃত’, একদিন পর মিলল হাত-পা বাঁধা মরদেহ