০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

হয়ে গেল শিশুদের নিয়ে মহাকাশ বিজ্ঞান শেখার আয়োজন

সৌরজগৎ, রকেট প্রযুক্তি ও মঙ্গলগ্রহের রোভার নিয়ে হাতে-কলমে শিখল ৭ থেকে ১০ বছর বয়সী শিশুরা।

হয়ে গেল শিশুদের নিয়ে মহাকাশ বিজ্ঞান শেখার আয়োজন

শিক্ষার্থীরা রকেট, মঙ্গলগ্রহে রোবটের ব্যবহার এবং মহাকাশে মানুষের বসবাসের সম্ভাবনাসহ নানা বিষয় জানার ও শেখার সুযোগ পেয়েছে। ছবি: নাসা অ্যাস্ট্রো ক্যাম্প

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 07:54 PM

Updated : 08 Nov 2026, 07:54 PM

মহাকাশবিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখাতে ৭ থেকে ১০ বছর বয়সী শিশুদের নিয়ে রাজধানীর এক শিক্ষা প্রতিষ্ঠানে নাসা অ্যাস্ট্রো ক্যাম্প আয়োজিত হয়েছে সম্প্রতি।

বৃস্পতিবারের এ আয়োজনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক নাসার তৈরি বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষামূলক উপকরণ ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা রকেট কীভাবে কাজ করে, মঙ্গলগ্রহে রোবটের ব্যবহার এবং মহাকাশে মানুষের বসবাসের সম্ভাবনাসহ নানা বিষয় জানার ও শেখার সুযোগ পেয়েছে।

স্পেস ইনোভেশন ক্যাম্পের এ কার্যক্রমে শিশুদের শুধু তাত্ত্বিক ধারণা দেওয়ার পরিবর্তে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও দলগত কাজের মাধ্যমে শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে তাদের বৈজ্ঞানিক চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর লক্ষ্য ছিল আয়োজকদের।

স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, “আমাদের লক্ষ্য শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করা।”

তিনি বলেন, নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের মতো শিক্ষামূলক কার্যক্রম শিশুদের নতুন কিছু জানার আগ্রহ, গবেষণার মানসিকতা এবং বড় স্বপ্ন দেখার সাহস তৈরি করতে সহায়তা করে।

Image

৭ থেকে ১০ বছর বয়সী শিশুরা এ কর্মসূচীতে অংশ নিয়েছে। ছবি: নাসা অ্যাস্ট্রো ক্যাম্প

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা সৌরজগৎ, রকেট প্রযুক্তি, মঙ্গলগ্রহের রোভার এবং চাঁদে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনা নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়।

বাংলাদেশে নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজনে এ কর্মসূচিতে স্কুল পার্টনার হিসেবে সহযোগিতা করে ইউনিভার্সেল টিউটোরিয়াল।

২০২৭ সালের মধ্যে বাংলাদেশের অন্তত ৫০টি স্কুলে নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান অপু।

ইউনিভার্সেল টিউটোরিয়ালের প্রিন্সিপাল তাবিতা জহুর ইকবাল বলেন, প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিশুদের কৌতূহল, সৃজনশীলতা ও অনুসন্ধিৎসু মনোভাব বিকাশে হাতে-কলমে শিক্ষার গুরুত্ব রয়েছে।

স্পেস ইনোভেশন ক্যাম্প ২০১৯ সাল থেকে বাংলাদেশে শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স, কোডিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশবিজ্ঞান বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫০০টির বেশি শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার সঙ্গে যুক্ত করেছে সংগঠনটি।