১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব

এবারের প্রতিযোগিতায় নয়টি শহরের বিজয়ী ও রানার্স-আপ দলগুলোর নাম ঘোষণা করা হয়।

শেষ হল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্ব

নয়টি শহরে আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ও রানার্স-আপ দল বাছাই করা হয়েছে। ছবি: স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 12:08 PM

Updated : 19 Nov 2026, 12:08 PM

দেশের নয়টি শহরের বিজয়ী ও রানার্স-আপ দলগুলোর সাফল্য এবং উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ পর্ব।

মঙ্গলবার ঢাকার ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ’ বা এআইইউবি’র মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিযোগিতায় নয়টি শহরের বিজয়ী ও রানার্স-আপ দলগুলোর নাম ঘোষণা করা হয়। ঢাকার চ্যাম্পিয়ন ‘পেনুমব্রা’, প্রথম রানার্স-আপ ‘লাস্ট কল’ ও দ্বিতীয় রানার্স-আপ ‘টিম পোলারিস’।

চট্টগ্রামের চ্যাম্পিয়ন ‘প্রজন্ম অ্যাপোলো’, প্রথম রানার্স-আপ ‘টিম পিটিএসডি’ ও দ্বিতীয় রানার্স-আপ ‘খাট্টা বিউন’। বরিশালের চ্যাম্পিয়ন ‘অ্যাস্ট্রোবোন’, প্রথম রানার্স-আপ ‘স্পেসড আউট ক্যাটস’ ও দ্বিতীয় রানার্স-আপ ‘টিম অ্যাগামেমনন’।

ময়মনসিংহের চ্যাম্পিয়ন ‘গ্যালাকটিক পোয়েট’, প্রথম রানার্স-আপ ‘টিম ব্রেইনস্টর্ম ট্রুপার্স’ এবং দ্বিতীয় রানার্স-আপ ‘স্পেস অডিসি’। রাজশাহীর চ্যাম্পিয়ন ‘অ্যাকুইলা’, প্রথম রানার্স-আপ ‘দুষ্টু কোকিল’ ও দ্বিতীয় রানার্স-আপ ‘মাইনাস ওয়ান’।

সিলেটের চ্যাম্পিয়ন ‘টিম প্রতিকৃতি’, প্রথম রানার্স-আপ ‘ওয়াইড উইভ’ ও দ্বিতীয় রানার্স-আপ ‘টিম কসমিক ইক্লিপস’। খুলনার চ্যাম্পিয়ন ‘নোভালজিটস’, প্রথম রানার্স-আপ ‘টিম কসমোরা’ ও দ্বিতীয় রানার্স-আপ ‘অ্যাস্ট্রোডটস’।

কুমিল্লার চ্যাম্পিয়ন ‘এআইভিয়ন’, প্রথম রানার্স-আপ ‘টিম অ্যাস্ট্রাল’ ও দ্বিতীয় রানার্স-আপ ‘ক্রোনো স্ট্রাইডার’। রংপুরের চ্যাম্পিয়ন ‘টিম অবলিভিওন’, প্রথম রানার্স-আপ ‘উইন+আর’ ও দ্বিতীয় রানার্স-আপ ‘নিউরাভেস্টা’।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম ও ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।

তারা তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী করে তোলা, উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং নতুন সম্ভাবনা তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেছেন।

প্রতিযোগিতা আয়োজনে অবদানের স্বীকৃতি হিসেবে লোকাল লিডদের ক্রেস্ট দেওয়া হয়। বিজয়ী দলগুলোকেও তাদের অর্জনের জন্য দেওয়া হয়েছে ক্রেস্ট।

এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের টাইটেল স্পনসর ছিল এআইইউবি। তরুণ উদ্ভাবক, ডেভেলপার, গবেষক ও সমস্যা সমাধানকারীদের নিজেদের ধারণা ও প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়টি সহযোগিতা করেছে।

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব।