২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথম জয়ের গল্প লিখল ফর্টিস এফসি

এএফসি চ্যালেঞ্জ লিগে শেষটা অন্তত ভালো হলো বাংলাদেশের দলটির।

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথম জয়ের গল্প লিখল ফর্টিস এফসি

এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম জয়ের গল্প লেখার উচ্ছ্বাস শুকি-টুডুদের। ছবি: এএফসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 10:02 PM

Updated : 23 Oct 2026, 10:02 PM

শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সঙ্গী হলো। কিন্তু এরপরের চিত্রনাট্য একেবারেই আলাদা। দারুণভাবে ঘুরে দাঁড়াল ফর্টিস এফসি। রাফায়েল টুডু ফেরালেন সমতার স্বস্তি। শিয়ান কাওয়াসাকি এগিয়ে নিলেন দলকে। এরপর শুকি ইতোফুসা যেন অনিশ্চয়তাটুকু করে দিলেন দূর। তাজিকস্তানের দল রেগার-তাদাজকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের শেষটা জয়ের রঙে রাঙাল ফর্টিস এফসি।

কুয়েতের মোহামেদ আল-হামাদ স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ৩-১ গোলে জিতেছে ফর্টিস এফসি। বাংলাদেশের কোনো দলের এই টুর্নামেন্টে এটি প্রথম জয়।

তিন ম্যাচে দুই হার ও এক জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ফর্টিস। স্বাগতিক কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে ‘সি’ গ্রুপে যাত্রা শুরুর পর, দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা।

টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচটি ছিল ফর্টিসের জন্য শেষ ভালোর উপলক্ষ্য। এমন ম্যাচে তাদের শুরুটা হয় বিবর্ণ। দ্বাদশ মিনিটে নিখুঁত শটে তাজিকিস্তানের দলটিকে এগিয়ে নেন শেরজাদ মাখামাদিয়েভ।

ফর্টিসের জন্য ঘুরে দাঁড়ানোর পথটা কিছুটা মসৃণ হয় ১৯তম মিনিটে। নরিকি আকাদাকে বিপজ্জনক ফাউল করে তকাম সেভেরিন সরাসরি লাল কার্ড দেখলে রেগার-তাদাজ পরিণত হয় দশ জনের দলে।

শক্তি কমে গেলেও রক্ষণের দৃঢ়তায় ভর করে, এগিয়ে থেকে বিরতিতে যায় রেগার-তাদাজ। ম্যাচের মোড় ঘোরার শুরু ৬৭তম মিনিটে। পা ওমার বাবুর পাস ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে সমতা ফেরান টুডু।

এই গোলের রেশ থাকতেই, চার মিনিট পর এগিয়ে যায় ফর্টিস। কর্নারে অনন্ত তামাংয়ের হেড পাসে বল পেয়ে যান কাওয়াসাকি। জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে উজ্জ্বল হয় ফর্টিসের প্রথম জয়ের আশা।

৮৮তম মিনিটে পা ওমার বাবুর থ্রু পাস ধরে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে বাম পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ইতোফুসা। তাতে লেখা হয়ে যায়, বাংলাদেশের কোনো ক্লাবের এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে প্রথম জয়ের গল্প।