ভারতের এফসি গোয়ার বিপক্ষেও হারল ফর্টিস এফসি
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল ফর্টিস এফসি।
শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে সমতায় ফিরল ফর্টিস এফসি, কিন্তু শেষ রক্ষা হলো না। পরে আরেক গোল হজম করে ভারতের দল এফসি গোয়ার কাছে হেরে গেল তারা।
এএফসি চ্যালেঞ্জ লিগে কুয়েতের মোহামেদ আল-হামাদ স্টেডিয়ামে মঙ্গলবার ২-১ গোলে হেরেছে ফর্টিস এফসি।
স্বাগতিক কুয়েতের আল-কাদসিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে ‘সি’ গ্রুপে যাত্রা শুরু করেছিল তারা।
টানা দ্বিতীয় হারের ম্যাচে আরেক হতাশাও সঙ্গী হয়েছে ফর্টিসের। যোগ করা সময়ে বাজে ফাউল করে লাল কার্ড দেখেছেন দলটির গাম্বিয়ান মিডফিল্ডার ইসা জালো।
শুরু থেকে আক্রমণাত্মক খেলা এফসি গোয়া এগিয়ে যায় ষষ্ঠ মিনিটে। উদান্তা সিংয়ের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড হোর্হে ওর্তিজ।
৩৬তম মিনিটে বক্সের বাইরে থেকে পা ওমার বাবুর ফ্রি কিক দারুণ ক্ষিপ্রতায় আটকে ফর্টিসকে সমতায় ফিরতে দেননি গোলকিপার লারা শর্মা। ৭৮তম মিনিটে পাল্টা আক্রমণে রাফায়েল টুডু বাম পায়ের শটে শর্মাকে পরাস্ত করে সমতা ফেরান।
৮৫তম মিনিটে পাল্টা আক্রমণে ফ্রাঞ্চুর পাস থেকে গোয়াকে আবারও এগিয়ে নেন স্প্যানিশ স্ট্রাইকার চিকি। প্রথম জয়ের আনন্দে মাঠ ছাড়ে গোয়া।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শুক্রবার তাজিকিস্তানের দল রেগার-তাদাজের মুখোমুখি হবে ফর্টিস।
