১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ৯ শহরে শেষ হল ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ এর হ্যাকাথন

এবারের প্রতিযোগিতায় অংশ নিতে মোট ৪ হাজার ৬৫৭ জন নিবন্ধন করেছেন।

দেশের ৯ শহরে শেষ হল ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ এর হ্যাকাথন

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো অনলাইনে নিজেদের তৈরি প্রকল্প, অ্যাপ্লিকেশন ও ভিডিও উপস্থাপনা জমা দিয়েছে। ছবি: নাসা স্পেস অ্যাপস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 12:11 PM

Updated : 16 Nov 2026, 12:11 PM

দেশের ৯টি শহরে একযোগে অনুষ্ঠিত দুই দিনের হ্যাকাথনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ পর্বের প্রকল্প মূল্যায়ন।

শনিবার এ প্রতিযোগিতার সমাপনী দিনে ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ’ বা এআইইউবি ক্যাম্পাসে দেশের ৯টি শহরের ছয় শতাধিক দলের জমা দেওয়া প্রকল্প মূল্যায়ন করেছেন শতাধিক বিচারক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা বলেছেন, এবারের প্রতিযোগিতায় অংশ নিতে মোট ৪ হাজার ৬৫৭ জন নিবন্ধন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো অনলাইনে নিজেদের তৈরি প্রকল্প, অ্যাপ্লিকেশন ও ভিডিও উপস্থাপনা জমা দিয়েছে।

বিচারকরা প্রকল্পগুলোর উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত বাস্তবায়ন, সৃজনশীলতা ও বাস্তব সমস্যার সমাধানে কার্যকারিতা বিবেচনা করে নম্বর দিয়েছেন।

এবারের আসরের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছিল ‘নেক্সট ফ্রন্টিয়ার’।

নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য-উপাত্ত ব্যবহার করে পৃথিবী ও মহাকাশ-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে কাজ করেছে এসব দল।

তাদের জমা দেওয়া প্রকল্পগুলোর বিষয়বস্তুর মধ্যে ছিল মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও তথ্য বিশ্লেষণ।

ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা ও বরিশাল দেশের এই নয়টি শহরে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় পর্যায়ের আয়োজন সমন্বয় করেন যথাক্রমে মোহাম্মদ মাহদী উজ জামান, অভিজিৎ ভৌমিক, আনিসুল হক ভূঁইয়া, দেলোয়ার আলম, তৌফিক এলাহী প্লাবন, রিফায়েত ইসলাম রিফাত, সানজার আদনান আলম, মো. পারভেজ কাওসার ও আরিফুল হাসান অপু।

এবারের আয়োজনের টাইটেল স্পনসর ছিল এআইইউবি।

আয়োজকরা বলেছেন, স্থানীয় পর্যায়ের মূল্যায়নে নির্বাচিত বিভিন্ন প্রকল্প পরবর্তী সময়ে বৈশ্বিক বিচারপর্বের জন্য বিবেচিত হবে। সেখানে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের নির্বাচিত প্রকল্পগুলো মূল্যায়ন করবেন ও তাদের সিদ্ধান্তের ভিত্তিতে বৈশ্বিক বিজয়ীদের নাম ঘোষণা হবে।