হেফাজত নেতা মামুনুল হকের ধর্ষণ মামলায় ৩ পুলিশ কর্মকর্তার সাক্ষ্য
এ মামলায় এখন পর্যন্ত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত ৷
নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন আরও তিন পুলিশ কর্মকর্তা৷
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করেন বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ৷
আইনজীবী জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার তৎকালীন এএসআই কর্ণ কুমার, শেখ ফরিদ ও মতিউর রহমান সাক্ষ্য দিয়েছেন৷ এ মামলায় এখন পর্যন্ত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত৷ এর আগে মামলার বাদী (ভুক্তভোগী নারী), পুলিশ কর্মকর্তা, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা, রয়েল রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সাক্ষ্য দিয়েছেন৷
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়৷ দুপুর ২টার পর সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবারও নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানান পিপি৷
আইনজীবী জানান, এ মামলার পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত ২৫ এপ্রিল তারিখ নির্ধারণ করেছে৷
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন মামুনুল হক৷ ওইদিন তাকে কর্মী-সমর্থকরা ছিনিয়ে নিয়ে যাওয়ার পর ওই নারী ৩০ এপ্রিল মামুনুল হককে আসামি করে সোনারগাঁ থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন।
আরও পড়ুন:
ধর্ষণ মামলা: মামুনুলের বিরুদ্ধে দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য
ধর্ষণ মামলা: মামুনুলের বিরুদ্ধে যুবলীগ-ছাত্রলীগ নেতার সাক্ষ্য
হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ‘স্ত্রীর’ সাক্ষ্য
স্ত্রীকে খুশি করতে ‘সীমিত পরিসরে’ সত্য গোপন করা যায়: মামুনুল
সোনারগাঁ তাণ্ডবে তিন মামলা, হেফাজত নেতা মামুনুলও আসামি
