২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা: মামলায় গ্রেপ্তার নেই

পুলিশ জানায়, এজাহারভুক্ত আসামিরা হত্যার শিকার সজীবের সহপাঠী।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 06:06 PM

Updated : 16 Apr 2023, 06:06 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান সজীবকে (১৬) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।  ঘটনার চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার রাতে নিহতের ছয় সহপাঠীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে সজীবের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন বলে জানান রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান।

এজাহারভুক্ত আসামিরা হলেন- উপজেলার বলাইখা এলাকার জাকির হোসেনের ছেলে শামীম, মকবুল হোসেনের ছেলে শাকিব, আক্তারের ছেলে টুটুল, সাইফুল ইসলামের ছেলে সজিব, মকবুল তালুকদারের ছেলে আবু বক্কর, পঁচাইখা গ্রামের সোহরাবের ছেলে রাহিম। তাদের বয়স ১৮-১৯ এর মধ্যে।

আসামিরা একই শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ও সজীবের সহপাঠী বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আতাউর রহমান।

নিহত মেহেদী হাসান সজীব চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে রূপগঞ্জের বলাইখা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

মামলার এজাহারে বলা হয়, আগামী ৩০ এপ্রিল ভুলতা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মেহেদী হাসান সজীবের। স্কুলের মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিতে সকাল দশটায় বাসা থেকে বেরিয়ে যায় সজীব। দুপুর বারোটার দিকে ক্লাস রুম থেকে ডেকে স্কুলের প্রধান গেইটের সামনের সড়কে নিয়ে আসামিরা সজীবকে কুপিয়ে হত্যা করে।

পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রেম সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ‘কুপিয়ে’ হত্যা, আহত ৩ শিক্ষার্থী