২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ‘কুপিয়ে’ হত্যা, আহত ৩ শিক্ষার্থী

এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 08:00 PM

Updated : 15 Apr 2023, 08:16 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে আরও তিন শিক্ষার্থী আহত হয়েছে। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান৷ হতাহতরা ওই স্কুলের শিক্ষার্থী৷ 

নিহত মেহেদী হাসান সজীব (১৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে রূপগঞ্জের বলাইখা এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে পুলিশ জানায়৷ 

এ ঘটনায় আহতরা হল- মো. রিপ্তী (১৭), শিমুল (১৬) ও অনিক (১৭)। এদের মধ্যে রিপ্তী রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবায়েত হাসান রাকিবের ছোট ভাই। অপর দুই কিশোরের বিস্তারিত পরিচয় জানা যায়নি৷ 

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ৷ 

পুলিশের পরিদর্শক আতাউর রহমান বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রেম সংক্রান্ত বিষয়ে গত শুক্রবার বিকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল৷ এর জেরে আজ দুপুরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে দুপক্ষের মারামারি বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় সজীব। পরে স্থানীয়রা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানান। 

আগামী ৩০ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় সজীবের অংশ নেওয়ার কথা ছিল বলে জানান ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা। 

তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি, স্কুলেরই একটি মেয়েকে পছন্দ করা নিয়ে দু’দল শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্ব হয়৷ সেই দ্বন্দ্বের জেরে স্কুলের সামনে দু’পক্ষের মারামারিতে সজীব মারা যায়৷ 

“যারা মারামারি করেছে তারা কেউ কেউ স্কুলের শিক্ষার্থী; কেউ আছে বাইরের কিন্তু একই এলাকার ছেলে৷ এর মধ্যে কিশোর গ্যাংয়েরও সম্পৃক্ততা আছে৷” 

পুলিশের পরিদর্শক আতাউর রহমান বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি৷ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম আমরা পেয়েছি৷ জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ৷”  

তবে বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি৷