২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 08:52 PM

Updated : 25 Oct 2026, 08:52 PM

বগুড়ার কাহালু উপজেলায় ১৫ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে আসামির উপস্থিতিতে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মারুফ হোসেন এ রায় দেন বলে জানিয়েছেন আদালত পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত আল মোহাইমিনু মেহেদী হাসান (২৮) উপজেলার পাইকপাড়ার নুরুল ইসলামের ছেলে।

এ মামলার অন্য দুই আসামি মামুন মন্ডল (৩৮) ও মো. রকির (২৬) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান বলেন, ২০২৫ সালের ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাহালুর শিতলাইগ্রাম থেকে প্রাইভেট পড়তে বের হয় ওই কিশোরী। এ সময় মেহেদী হাসান, তার ভাই মামুন মন্ডল ও ভাগনে মো. রকিসহ আরও কয়েকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এ ঘটনায় কিশোরীর মা লাবনী আক্তার ২০২৫ সালের ৮ এপ্রিল কাহালু থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রায়ে বাদীপক্ষের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। সমাজে এ ধরনের অপরাধ যেন আর না ঘটে, সে জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।