মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন
২০১৫ সালে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশে দেন।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অপরাধে এক বাবাকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে আসামির উপস্থিত মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ তেহিসন ইফতেখার এ রায় দেন বলে জানান ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জাহাঙ্গীর আলম।
দণ্ডপ্রাপ্ত এবাদত মীর উপজেলার দক্ষিণ চারিগাঁও এলাকার বাসিন্দা।
মামলার বরাতে পিপি জাহাঙ্গীর আলম বলেন, এবাদত মীর দীর্ঘদিন ধরে নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে তুলে দেন।
ওই দিন প্রতিবেশী ইউনুস ফরাজী লৌহজং থানায় মামলা করেন।
মেয়েটির মা ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং সেখানেই থাকতেন। এই সুযোগে এবাদত মীর মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করতেন বলে মামলার অভিযোগে বলা হয়।
পিপি জাহাঙ্গীর আলম বলেন, আসামির জবানবন্দি ও সাতজন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছে। এ রায়ে তারা সন্তুষ্ট।
