নিহত সাংবাদিক নাদিমের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল জেলা পরিষদ
নাদিমের মেয়ে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন।
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মেয়ে রাব্বীলাতুল জান্নাতের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে জেলা পরিষদ।
শনিবার একথা জানিয়েছেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ।
সন্ধ্যায় নিহত সাংবাদিক নাদিমের গ্রামের বাড়ি নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচরে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় সফরসঙ্গীদের নিয়ে সাংবাদিক নাদিমের কবরও জিয়ারত করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
নাদিমের মেয়ে রাব্বীলাতুল জান্নাত চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এখন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছেন।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, “জান্নাত যতদিন পড়াশোনা চালিয়ে যাবে তার পড়াশোনার সব ব্যয়ভার জামালপুর জেলা পরিষদ বহন করবে। জামালপুর জেলা পরিষদ সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের পাশে সব সময় থাকবে।”
সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুহাম্মদ বাকী বিল্লাহ।
তিনি বলেন, “সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। জামালপুরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের জায়গা আওয়ামী লীগে নেই।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম, শিলা সারোয়ার, ফারহানা সোমা, নাজমা পারভীন, প্রধান সহকারী মজিবুর রহমান, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাংবাদিক সরওয়ার জামান রতন, মাসুদ উল হাসান, সাফিনুর ইসলাম মেজর, জি এম ফাতিউল হাফিজ বাবু, আল মুজাহিদ বাবু, লিয়াকত হোসেন বাবুল।
১৪ জুন রাতে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীরা সাংবাদিক নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।
এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ১৭ জুন বকশীগঞ্জ থানায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরো অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে ১৩ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
আসামীদের মধ্যে প্রধান আসামী মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও মনিরুজ্জামান মনির হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন:
সাংবাদিক নাদিম হত্যা: কে এই বাবু চেয়ারম্যান
নাদিমকে ঠিক করা ১ মিনিটের বিষয়, ‘বাবু চেয়ারম্যানের’ অডিও ভাইরাল
সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ২ আসামির জবানবন্দি
নাদিম হত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত
সাংবাদিক নাদিম হত্যা: ১৩ জন রিমান্ডে, বাবু ৫ দিনের
সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত
জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
সাংবাদিক নাদিমকে ‘উচিৎ শিক্ষা’ দিতে চেয়েছিলেন ইউপি চেয়ারম্যান বাবু: র্যাব
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
নাদিম খুন: ইউপি চেয়ারম্যান বাবু পঞ্চগড় থেকে গ্রেপ্তার
