শেরপুরের স্কুলছাত্রকে হত্যা করে ভ্যান ছিনতাই, যুবক আটক
বুধবার ইফতারের পর মায়ের জন্য পান কিনতে বড় ভাইয়ের রিকশা ভ্যান নিয়ে বের হয় জসিম।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক স্কুলছাত্রকে হত্যা করে রিকশা ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ছিনতাই করা রিকশা ভ্যান বিক্রি করার সময় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের হাঁসধরা গ্রামে একটি ক্ষেতের পাশ থেকে জসিম মিয়ার (১৩) লাশ উদ্ধার করা হয়।
নিহত জসিম মিয়া হাঁসধরা গ্রামের গোলাপ জলের ছেলে। সে হাঁসধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
এ ঘটনায় আটক মাসুদ মিয়া (২৪) পাশের বিলভোট গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসান বলেন, বুধবার ইফতারের পর জসিম তার মায়ের জন্য পান কিনতে বড় ভাইয়ের রিকশা ভ্যান নিয়ে ভায়াডাঙ্গা বাজারের উদ্দেশে বের হয়। কিন্তু রাত সাড়ে ১১টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
“রাতেই ওই রিকশাভ্যানটি বিক্রি করতে শ্রীবরদী শহরের উত্তর বাজারে যান মাসুদ। সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
“বৃহস্পতিবার দুপুরে হাঁসধরা গ্রামের লোকজন ধান ক্ষেতের পাশে একটি লাশ দেখে পুলিশকে খবর দেয়। তখন পরিবারের সদস্যরা লাশটি জসিমের বলে শনাক্ত করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করার পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
“রিকশা ভ্যানটি ছিনতাই করতেই মাসুদসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে মাসুদ এ ব্যাপারে পুলিশের কাছে মুখ খোলেনি।”
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পরিদর্শক নাহিদ হাসান আরও বলেন, জসিমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
