২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর লাশ নিয়ে ফিরছিলেন, অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম

আলতাফ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার মধ্যরাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বামীর লাশ নিয়ে ফিরছিলেন, অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে আলতাফ হোসেনের বাড়ি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 12:21 AM

Updated : 15 Dec 2023, 01:06 AM

সাতক্ষীরায় স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। বুধবার সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বৃহস্পতিবার বলেন, প্রতাপনগর গ্রামের শামসুর রহমান সরদারের ছোট ছেলে আলতাফ হোসেন (৩৪) ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার মধ্যরাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্ত্রী রহিমা খাতুন গর্ভবতী ছিলেন।

“বুধবার সকালে স্বামীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি ফিরছিলেন রহিমা। পথে বুধহাটা বাজার এলাকায় তার প্রসব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

ইউপি চেয়ারম্যান বলেন, “মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। বুধবার দুপুরে পারিবারিক কবরস্থানে আলতাফের দাফন সম্পন্ন হয়েছে। আল্লাহ উত্তম ফয়সালাকারী। আমরা পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক ও সার্বিক সহযোগিত করব।”

আলতাফের প্রতিবেশী মাসুম হোসেন বলেন, আলতাফ প্রতি বছরের মত এবারও ঢাকায় একটি ইটের ভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। দুই সপ্তাহ আগে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বাড়ি ফিরে আসেন। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা যান।