বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৮ জনের মৃত্যু: অ্যাম্বুলেন্সটি চলছিল অতিরিক্ত গতিতে
ফরিদপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি সড়কে স্পিড ক্যামেরা বসানোর সুপারিশ করেছে।
অতিরিক্ত গতির কারণেই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের রেলিংয়ে অ্যাম্বুলেন্স ধাক্কা খেয়ে বিস্ফোরণে দগ্ধ আটজনের মৃত্যু হয়েছে বলে ফরিদপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটিতে উঠে এসেছে।
ভাঙ্গা উপজেলার মালিগ্রামে দুর্ঘটনার দুদিনের মাথায় সোমবার বিকেলে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, “অ্যাম্বুলেন্সটি ওভারস্পিডের কারণেই দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির একটি চাকা ফেটে গিয়ে সেটি ওভারব্রিজের রেলিংয়ে আছড়ে পড়ে, এতে গাড়ির ইঞ্জিনের সংঙ্গে সংযুক্ত সিলিন্ডারের লাইন ফেটে গিয়ে আগুন লেগে যায়। ফলে গাড়িতে থাকা আট জনেরই মৃত্যু হয়।
এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কজুড়ে স্পিড ক্যামেরা বসানোর সুপারিশ করেছে তদন্ত কমিটি।
শনিবার সকালে পদ্মা সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনায় নিহত সাতজন একই পরিবারের সদস্য। সবাই একসঙ্গে ঈদ করবেন বলে ঢাকা থেকে ফরিদপুরের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। নিহত অপরজন অ্যাম্বুলেন্স চালক।
নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মোছাম্মৎ বিউটি বেগম (৩২), তার ছেলে মোস্তাফিজুর রহমান রিফাত (১১), শাশুড়ি তাসলিমা বেগম (৫০), ছোট বোন বোয়ালমারীর উপজেলার ফেলাননগর গ্রামের নাসরিন বেগম (৩৮), বড় বোনের ছেলে মো. আরিফ হোসেন (১৩), ছোট ছেলে মো. হাসিব হোসেন (৮), মেয়ে মোছা. রাফসানা খাতুন (২২) এবং গাড়ির চালক সদর উপজেলার মৃণাল মালো।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের ওইদিন বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে করা ওই কমিটিতে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ছিলেন।
কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেন।
পদ্মা সেতু চালুর এক বছরের মাথায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এতে অনেকের প্রাণহানি হচ্ছে। এক্সপ্রেসওয়েটি মুন্সীগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর অংশে পড়ায় গত এক বছরে এখানে কতজনের প্রাণহানি ঘটেছে তার প্রকৃত সংখ্যা জানা যায়নি।
তবে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ধারণা, এ সংখ্যা চল্লিশের কাছাকাছি। যদিও সংশ্লিষ্টদের মতে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়ে বেশি।
এর আগে গত ১৯ মার্চ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশের শিবচরের কুতুবপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়ে ১৯ জনের প্রাণহানি ঘটে।
এক্সপ্রেসওয়ের সবচেয়ে বড় ওই দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে তদন্ত কমিটি জানতে পারে, বাসটির ফিটনেস ছিল না এবং চালকেরও লাইসেন্স ছিল না। এ ছাড়া ওইদিন সড়ক ছিল বৃষ্টিভেজা।
এর প্রায় সাড়ে তিন মাসের মধ্যে এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে ভয়াবহ অ্যাম্বুলেন্স দুর্ঘটনাটি ঘটল এবং আটজনকে প্রাণ দিতে হলো।
সচেতন নাগরিক কমিটির ফরিদপুর চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট শীপ্রা গোস্বামী বলেন, “আমাদের বেশিরভাগ অ্যাম্বুলেন্স ফিটনেসবিহীন, এমনকি ব্যবহার অনুপোযোগী। অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ।”
ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় একটি দৈনিকের সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, “শুধু অ্যাম্বুলেন্স নয়, যেকোনো গাড়ি মহাসড়কে উঠলেই গতি ১০০ এর উপরে থাকে। এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, তবেই রোধ করা যাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল।“
এদিকে মালিগ্রামে দুঘর্টনায় নিহত সাতজনের পরিবারের কাছে জেলা প্রশাসকের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে দাফন বাবদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক বিতরণ করেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, ইউএনও মো. মোশারফ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেহেদী হাসান।
আরও পড়ুন:
