নেত্রকোণায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী ও দেবর আটক
সম্প্রতি স্বর্ণালংকার চুরি হলে স্বামীর এক ভাগিনাকে সন্দেহ করেন শাপলা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিজের ঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ওই গৃহবধূর স্বামী ও দেবরকে।
শুক্রবার সকালে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডাভূঁইয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান কেন্দুয়া থানার ওসি আলী হোসেন।
নিহত ২০ বছরের শাপলা আক্তার একই উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের মতি মিয়ার মেয়ে। গত বছরের ডিসেম্বর মাসে তার সঙ্গে মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূঁইয়াপাড়া গ্রামের মোখলাদ মিয়ার (৩৫) বিয়ে হয়েছিল।
এ ঘটনায় মোখলাদের ভাই মোজাহিদ মিয়াকেও (২৫) আটক করেছে পুলিশ।
শাপলার ভাই শফিকুল ইসলাম বলেন, “সকাল ৬টার দিকে বোনের জামাই ফোন করে জানায় শাপলা আগুনে গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিক আমি ছুটে যাই বোনের বাড়িতে। কিন্তু সেখানে গেলে বাড়ির লোকজন বোনকে দেখতে দেয়নি। বোন মারা গেছে বলাবলি করছিল বাড়ির লোকজন।
“পরে আমাদের বাড়ি থেকে আরও লোকজন ও পুলিশ গেলে লাশ দেখতে পাই। বোনের মাথায় আঘাত ছিল, ঘরে রক্ত ছিল।”
“ধারণা করছি, বোনের চুরি যাওয়া স্বর্ণালংকার নিয়ে ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে স্বামীর বাড়ির লোকজন”, বলেন তিনি।
স্থানীয়দের বরাতে ওসি আলী হোসেন জানান, বিদেশ ফেরত মোখলাদের সঙ্গে শাপলার বিয়ের পর তাদের দাম্পত্যজীবন ভালই চলছিল। সম্প্রতি শাপলার স্বর্ণালংকার চুরি হলে স্বামীর এক ভাগিনাকে সন্দেহ করেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।
ওসি আরও বলেন, সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। সবদিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
