জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িঘর ভাঙচুর
অভিযোগ অস্বীকার করে বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, তিনি এসব ঘটনার কিছুই জানেন না।
জামালপুরে সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচার কেন্দ্র ও সমর্থকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত পৌনে ৮টায় উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু।
কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঈগল প্রতীকের ওই নির্বাচনি প্রচার কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মো. আলম বলেন, “হঠাৎ করেই নৌকা সমর্থক ১৫-২০ জন নেতাকর্মী কেন্দ্রে ঢুকে ভাঙচুর করে। একপর্যায়ে তারা প্রচারকেন্দ্রটিতে আগুন ধরিয়ে দেয়।”
তিনি আরও বলেন, “হামলাকারীরা ওই প্রচার কেন্দ্রের পাশে আমার বাড়িতেও জোরপূর্বক ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির চেষ্টা করে তারা।”
মো. আলমের অভিযোগ- “হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতরা নৌকা প্রতীকের সমর্থক বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের লোক। চেয়ারম্যানের হুকুমে এ ঘটনা ঘটানো হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, তিনি এসব ঘটনার কিছুই জানেন না।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর অভিযোগ করে বলেন, “এর আগেও নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সাধারণ ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে তার জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ঈগল প্রতীকের এই প্রার্থী।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. বরকত উল্লাহ, সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহরাব হোসাইন জানান, প্রচারকেন্দ্র ও বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে এবং জেলা আওয়ামী লীগের সদস্য, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুরানো খবর
