২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকায় ভোট না দিলে ‘ভাতা বন্ধের হুমকি’ আওয়ামী লীগ নেতার

জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ভোট চাওয়ার এক পর্যায়ে ওই নেতা এমন বক্তব্য দেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 11:44 PM

Updated : 20 Dec 2023, 11:44 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে নৌকার প্রার্থীকে ভোট না দিলে সুবিধাভোগীদের ভাতা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার বিকালে বিজয় শোভাযাত্রা শেষে এক সভায় জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলীর দেওয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে।

উপজেলার বারুয়ামারী বাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “১৫ বছর ধরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা বিভিন্ন ভাতা ভোগ করছেন, তাদেরকে শিগগিরই ডাকা হবে। তাদের কেউ না আসলে ভিডিও ফুটেজ দেখে নির্বাচনের পর তাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে।”

ভিডিওতে জামালপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ করে হাতেম আলী বলেন, “আপনি মনোনয়ন আনতে পারেননি, মনোনয়ন আনলে আমরা আপনাকে বিপুল ভোটে বিজয়ী করতাম। আপনি আমাদের মধ্যে শান্তি নষ্ট করবেন না; যদি শান্তি নষ্ট করেন তাহলে আপনাদের অবস্থাও বিএনপির মতো হবে।”

আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ভোট চেয়ে হাতেম আলী আরও বলেন, “আপনারা নৌকার মিছিল নিয়ে আসবেন, মিছিল নিয়ে আসলে সম্মান করা হবে, খরচ দেওয়া হবে। তাই আপনাদেরকে আগামী দিন থেকে স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে কাজ করার জন্য মিছিল করার অনুরোধ করছি।”

সে সময় লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে হাতেম আলী সাংবাদিকদের বলেন, “ভাতা বন্ধ করা হবে না; ইউপি চেয়ারম্যান তাদেরকে ডেকে নৌকায় ভোট দেওয়ার সুপারিশ করবেন। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত হয়েছে।”

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি সাংবাদিকদের বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। সাধারণ জনগণকে জিম্মি করার এখতিয়ার কারও নাই।

“কাউকে জিম্মি করে ভোট নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি কিংবা হবেও না। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবেন, এতে কেউ বাধা দিতে পারবেন না।”

ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে নিজে সতর্ক থাকার পাশাপাশি কর্মীদেরও সতর্ক করবেন বলে জানান এ ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস সাংবাদিকদের বলেন, “বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেননি; তবে একটি ভিডিও নজরে এসেছে। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।”

জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগ সদস্য, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু (ঈগল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।