১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদা না দিলে চট্টগ্রামে ইসলামী ফ্রন্ট নেতাকে ‘হত্যার হুমকি’

চাঁদা দাবি করা ব্যক্তি নিজের পরিচয় দেননি। চাঁদার পরিমাণও বলা হয়নি, বলেন ইসলামী ফ্রন্টের ওই নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 07:18 PM

Updated : 13 Nov 2026, 07:18 PM

‘চাঁদা না দিলে মেরে ফেলা হবে’ এমন হুমকির পর থানায় জিডি করেছেন ইসলামী ফ্রন্টের চট্টগ্রামের রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ নুরী।

বৃহস্পতিবার দুপুরে ওই হুমকির পর রাউজান থানায় জিডি করেছেন বলে এ থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন।

রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলূম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াছ নুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (বৃহস্পতিবার) বেলা ১টার পরপর, তখন আমি মাদ্রাসায় ছিলাম। নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। সেসময় আমার মোবাইলে একটি ফোন আসে। আমি তখন কল রিসিভ করতে পারিনি।

“বেশ কয়েকবার ফোন করার পর আমি কলব্যাক করি। তখন কোনো কথাবার্তা ছাড়াই আমার কাছে চাঁদা দাবি করা হয়। ওই ব্যক্তি বলেন, তার ‘পোলাপানদের পরিচালনা করার জন্য’ আমাকে চাঁদা দিতে হবে। টাকা না দিলে, মেরে ফেলারও হুমকি দেন।”

একই নম্বর থেকে আবারও ফোন করা হয় জানিয়ে ইলিয়াছ নুরী বলেন, “আমি বললাম, আমি শিক্ষকতা করি। কীভাবে চাঁদা দিব? তখন বলছে, টাকা লাগবে না। শপথ করে বলছি, তোমাকে মেরে ফেলব।”

এরপর থানায় জিডি করার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি ভয়ে আছি। রাজনীতি করলেও শিক্ষকতা ছাড়া আমার আর কোনো আয় নেই। আমার কাছে কেন চাঁদা চাইবে সেটাই বুঝতে পারছি না।”

চাঁদা দাবি করা ব্যক্তি নিজের পরিচয় দেননি বলে জানিয়ে ইসলামী ফ্রন্টের এ নেতা বলেন, চাঁদার পরিমাণও বলা হয়নি।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি থানায় এসে জিডি করেছেন। চাঁদা দাবি করে ফোন করা হয়েছে জানিয়ে একটি মোবাইল নম্বরও দিয়েছেন। আমরা খোঁজ নিচ্ছি, কোথা থেকে ফোন করা হয়েছে।

“এখান থেকেও হতে পারে, অথবা দেশের যেকোনো জায়গা থেকেও ফোন করে থাকতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি।”