২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর

এসআই মাজাহার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর

জামালপুর পৌরসভার পশ্চিম ফুলবাড়িয়া বউবাজার এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাঙচুর করে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 10:54 AM

Updated : 21 Dec 2023, 10:54 AM

জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা করা হয়েছে। এ সময় প্রচার কেন্দ্রের চেয়ার, টেবিল ভাঙচুর এবং চেয়ার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১০টায় জামালপুর পৌরসভার ফুলবাড়িয়ায় রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে এই হামলা হয়েছে বলে জানান জামালপুর সদর থানার এসআই মাজাহার ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই মাজাহার জানান, হঠাৎ পশ্চিম ফুলবাড়িয়া বউবাজার এলাকায় নির্বাচনী প্রচার কেন্দ্রে ঢুকে রেজাউল করিম রেজনুর সমর্থকদের গালিগালাজ করতে থাকে একদল দুর্বৃত্ত। এক পর্যায়ে তারা চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং সেখান থেকে কিছু চেয়ার নিয়ে চলে যায়।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক কাউন্সিলর মো. সুরুজ্জামান, শ্রমিক লীগ নেতা আব্দুল বারেক, মো. আমিনুর ইসলাম অভিযোগ করেন, সরকার দলীয় নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।

তবে  অভিযোগ  অস্বীকার করে জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আলী আজাদ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি ন্যাক্কারজনক। কিন্তু এ ঘটনার সাথে নৌকার কোনো সমর্থক জড়িত থাকার প্রশ্নই আসে না।”

একজন মাদকাসক্ত এ ঘটনার সাথে জড়িত দাবি করে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন। 

এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং তার কর্মী সমর্থকদের ধৈর্যের সাথে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান করেন।

রেজাউল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক এবং জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

কিন্তু এই আসনে নৌকা মার্কার মনোনয়ন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে।

এসআই মাজাহার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

পুরনো খবর:

নৌকায় ভোট না দিলে ‘ভাতা বন্ধের হুমকি’ আওয়ামী লীগ নেতার
আচরণবিধি লঙ্ঘন: আবুল কালাম আজাদের দুঃখ প্রকাশ
আচরণবিধি লঙ্ঘন: আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদকে তলব
জামালপুরে আবুল কালাম আজাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ