১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নোয়াখালীতে ফুটবল খেলা শেষে ‘হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি’

“এতে কেউ আহত হয়নি; কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়,” বলেন সোনাইমুড়ী থানার ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 12:45 AM

Updated : 14 Nov 2026, 12:45 AM

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল খেলার পর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নদোনা মাঠে এ ঘটনা ঘটে, যার কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, “খেলা শেষে দুই পক্ষ হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি করে। তবে এতে কেউ আহত হয়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।”

এদিন বিকালে ‘হুন্ডা-ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলা হয়। খেলায় কুমিল্লার লাঙ্গলকোট খোকন একাডেমি ১-০ গোলে সোনাইমুড়ীর দক্ষিণ শাকতলা এসএস তরুণ সংঘকে পরাজিত করে।

দক্ষিণ শাকতলা এসএস তরুণ সংঘের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, তারা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে রেফারিকে হেনস্তা করেন। এ নিয়ে পরে দুই দলের সমর্থকরা হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি করে। পরে হৈ-হট্টগোলের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “জয়-পরাজয় খেলার অংশ। খেলায় জিতলে বিজয় উদযাপনের পাশাপাশি পরাজিত হলে তা মেনে নেওয়ার মতো মানসিকতা সবার মধ্যে থাকতে হবে।”