জয়পুরহাটে হত্যার ১৯ বছর পর ২ জনের প্রাণদণ্ড
২০০৪ সালের ১০ সেপ্টেম্বর মোহাম্মদ আলীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
জয়পুরহাটে পাঁচবিবিতে হত্যার প্রায় ১৯ বছর পর দুইজনকে মৃত্যুদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
দণ্ডিতরা হলেন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব এবং একই গ্রামের প্রয়াত বুদা প্রামাণিকের ছেলে ওহেদুল ইসলাম।
মামলার বরাতে পিপি নৃপেন্দ্রনাথ বলেন, ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর রতনপুর গ্রামের মোহাম্মদ আলীকে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা।
“ওইদিন রাতে মোহাম্মদ আলীসহ আসামিরা স্থানীয় বাজার থেকে ভিসিডি ও ক্যাসেট ভাড়া করেন। পরে সেই ভিসিডি একজনের কাছে বিক্রি করেন তারা। এ নিয়ে তাদের সঙ্গে মোহাম্মদ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেন।”
পিপি জানান, পরদিন সকালে স্থানীয়রা সড়কের পাশে মোহাম্মদ আলীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর ছিদ্দিক পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।
২০০৫ সালের ১৬ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন এসআই আব্দুস সালাম দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
