জয়পুরহাটে হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন
২০০৩ সালের ২০ মে এ হত্যাকাণ্ড ঘটে।
জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় দেন।
দণ্ডিত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
রায়ে মোজামকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে রাষ্টপক্ষের আইনজীবী শাহনূর রহমান শাহিন জানান, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমারের স্ত্রীকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিতেন একই গ্রামের মোজাম। বিষয়টি তিনি স্বামী ও পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে মোজাম দিলীপকে মারধর করে।
২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ টয়লেট করতে বাইরে গেলে আসামি পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক সহযোগীকে নিয়ে ঘরে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দিলীপ ঘরে এলে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।
পরদিন সকালে তার মরদরহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে পুলিশ হত্যার সত্যতা পায়।
এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন এসআই জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।
