শাবির সিন্ডিকেট নির্বাচন ফের স্থগিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবশেষ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে।
বুধবার বিকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবশেষ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর । নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি।
২০২২ সালের ২ ফেব্রুয়ারি সিন্ডিকেট নির্বাচনের তারিখ দেওয়া হলেও ঠিক আগ মুহূর্তে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু হলে স্থগিত হয়ে যায় তা।
এর দেড়বছর পর গত ১২ জুলাই সিন্ডিকেট নির্বাচনের তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
তবে তা আবারও স্থগিত করা হলো।
মো. ফজলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে, গত ১২ জুলাই ঘোষিত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল বাতিল ও অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত করা হল।”
এর আগে গতস ১৩ জুলাই 'শোকাবহ অগাস্টে' নির্বাচন আয়োজন না করতে রেজিস্ট্রারকে চিঠি দেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
কর্তৃপক্ষ বরাবর ওই শিক্ষকের আবেদনের দুইদিন পর শিক্ষক সমিতিকে একই দাবি জানিয়ে চিঠি দেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নামে পরিচিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’।
চিঠির বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার জরুরি সভা ডাকে শাবি শিক্ষক সমিতি।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম বলেন, “সবদিক বিবেচনায় শিক্ষক সমিতি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। যাদের পক্ষ থেকে চিঠি এসেছে, তারা ক্যাম্পাসের আওয়ামীপন্থী শিক্ষকদের একটি বৃহৎদল। শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের চিঠির বিষয়বস্তু গুরুত্বসহকারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
শিক্ষক সমিতি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরদিনই সিন্ডিকেট নিবাচন স্থগিতের এ ঘোষণা এল।
আরও পড়ুন:
