অবশেষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট নির্বাচনের তফসিল ঘোষণা
২০২২ সালের ২ ফেব্রুয়ারী সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেসময় উপাচার্যবিরোধী আন্দোলনের কারণে তা স্থগিত হয়ে যায়।
পাঁচ বছরেরও বেশি সময় পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নীতি-নির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’ নির্বাচন।
বুধবার বিকালে নির্বাচনের রিটার্র্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, আগামী ৯ আগস্ট সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে একাডেমিক কাউন্সিলের নির্বাচন। এতে শিক্ষকদের মনোনয়ন দাখিলের শেষ সময় ২৫ জুলাই।
বিশ্ববিদ্যালয়ের আইন-১৯৮৭ এর ২৪ (১) (ঘ) ধারা অনুসারে, সিন্ডিকেটের দুইটি সদস্য পদে এবং ধারা ২৬ (১) (ঝ) অনুসারে একাডেমিক কাউন্সিলের চারটি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিন্ডিকেটের দুইটি পদের মধ্যে ক্যাটাগরি-১ এ অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং ক্যাটাগরি-২ এ যে কোনো শিক্ষক নির্বাচন করতে পারবেন; এ দুই ক্যাটাগরি থেকে দুজন শিক্ষক নির্বাচিত হবেন।
অন্যদিকে, একাডেমিক কাউন্সিলের সদস্য পদে বিভাগীয় প্রধান নন, এমন চারজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন। এর মধ্যে সহযোগী অধ্যাপক ক্যাটাগরির দুইটি পদে এবং সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে দুইটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর ।
চারবছর পর ২০২২ সালের ২ ফেব্রুয়ারী সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর ঠিক আগ মুহূর্তে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু হলে স্থগিত হয়ে যায় সেই নির্বাচন।
আইন অনুযায়ী নির্বাচিত সদস্যদের মেয়াদ দুই বছর হলেও নানা কারণে নির্ধারিত সময়ে নির্বাচনের আয়োজন করতে পারেনি কর্তৃপক্ষ।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ জুলাই, প্রাথমিক ভোটার তালিকার ওপর আপত্তি দাখিলের শেষ সময় ১৭ জুলাই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ জুলাই, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ২৩ জুলাই সকাল ৯টা থেকে ২৫ জুলাই বেলা ১১টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময়ও শেষ হবে ২৫ জুলাই।
মনোনয়নপত্র বাছাই শেষে ওইদিন বিকালেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ জুলাই দুপুর ১২টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একই দিন দুপুর ১২টার পর।
এরপর ৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবন-২ এর চারতলায় অবস্থিত সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শাবির সিন্ডিকেটের মোট ১৩ সদস্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতি ও রেজিস্ট্রার সদস্য সচিব হিসেবে থাকেন। নয়টি পদে থাকেন সরকার কর্তৃক মনোনীত ব্যক্তি। বাকি দুটি সদস্য পদের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে নির্বাচিত করা হয়।
সবশেষ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি প্যানেল সবকটি পদে জয় পেয়েছিল।
সিন্ডকেটের দুই সদস্যপদে গত নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন ক্যাটাগরি-১ (অধ্যাপক বা সহযোগী অধ্যাপক) থেকে আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র প্যানেলের হয়ে নির্বাচন করা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক জহির বিন আলম।
ক্যাটাগরি-২ (যেকোনো শিক্ষক) থেকে ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেলের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মস্তাবুর রহমান জয় পান।
একাডেমিক কাউন্সিলের চারটি সদস্য পদে সহযোগী অধ্যাপক ক্যাটাগরি ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতেও শুধু ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেলের শিক্ষকরা জয়লাভ করেছিলেন।
এই দুই ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকরা হলেন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির সহযোগী অধ্যাপক আসিফ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়রিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত দাশ।
