২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শোকাবহ অগাস্টে’ শাবিতে সিন্ডিকেট নির্বাচন না করতে চিঠি

“অগাস্ট মাসে এই নির্বাচন অনুষ্ঠান ১৯৭৫ সালের কুশীলবদের অন্তরাত্মাকে উল্লাসের মাধ্যমে পুরস্কৃত করার একটি হীন অভিপ্রায় বলে আমি বিশ্বাস করি।”

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 09:09 PM

Updated : 13 Jul 2023, 09:09 PM

পাঁচ বছরেরও বেশি সময় পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী ফোরাম 'সিন্ডিকেট' নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান; ঘোষণা অনুযায়ী আগামী ৯ অগাস্ট অনুষ্ঠিত হবে সিন্ডিকেট নির্বাচন।

তবে ‘শোকাবহ অগাস্ট’ মাসে এই নির্বাচন আয়োজন না করতে অনুরোধ জানিয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন।

বৃহস্পতিবার বিকালে চিঠি পেয়েছেন বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

চিঠিতে অধ্যাপক ফারুক উদ্দিন লিখেছেন, “রেজিঃ/৬৫/৪/৭২১ সূত্রের আলোকে আপনার (রেজিস্ট্রার) স্বাক্ষরিত তফসিল মোতাবেক আগামী ৯ অগাস্ট শাবির সিন্ডিকেট নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে।

“আপনি নিশ্চয়ই শোকাবহ অগাস্ট বিষয়ে অবগত আছেন। পিশাচেরা ১৯৭৫ সালে এই মাসের ১৫ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। বিদেশে অবস্থানের কারণে ভাগ্যগুণে বেঁচে যান বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। দীর্ঘদিন ধরে এ মাসটিকে আমরা শোকাবহ অগাস্ট হিসেবে পালন করে আসছি।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যিালয় আইন অনুযায়ী, দুই বছর পর পর সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন এ ব্যাপারে প্রশাসন উদাসীন ছিল বলে চিঠিতে অভিযোগ করেন এই শিক্ষক।

তিনি বলেন, “হঠাৎ করে শোকাবহ অগাস্টে আনন্দ-উল্লাসের এই নির্বাচন অনুষ্ঠান মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শনের শামিল। প্রকারান্তরে, অগাস্ট মাসে এই নির্বাচন অনুষ্ঠান ১৯৭৫ সালের কুশীলবদের অন্তরাত্মাকে উল্লাসের মাধ্যমে পুরস্কৃত করার একটি হীন অভিপ্রায় বলে আমি বিশ্বাস করি।”

‘শোকাবহ অগাস্টে’ আনন্দ-উল্লাসের এসব উৎসব পালন না করে পরবর্তীতে কোনো সময় তা অনুষ্ঠানের ব্যবস্থা করতে রেজিস্ট্রারের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ জানান এই শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে ফারুক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোকাবহ অগাস্টে নির্বাচনের যে আনন্দ উল্লাস তা কোনোভাবেই কাম্য নয়। আশা করি, প্রশাসন আমার চিঠির বিষয়টি বিবেচনা করবে।”

চিঠি পাওয়ার কথা জানালেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন বলেন, “অগাস্ট অবশ্যই শোকাবহ মাস ৷ এ মাস বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

''বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই যথাযোগ্য মর্যাদায় শোকাবহ অগাস্ট পালন করবে। তবে একই সঙ্গে আমাদের অন্যান্য স্বাভাবিক কাজের ধারাবাহিকতাও বজায় রাখতে হবে। সিন্ডিকেট নির্বাচন হচ্ছে শিক্ষকদের নির্বাচন; তা শোকাবহ মাসকে প্রভাবিত করবে না বলে আমি মনে করি।”

আরও পড়ুন:

পুরনো খবর:

অবশেষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট নির্বাচনের তফসিল ঘোষণা