০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইউপি ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা সোমবার

সেদিন কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 06:07 PM

Updated : 08 Oct 2026, 06:07 PM

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, “আগামী সোমবার নির্বাচন কমিশন সভা রয়েছে। এ সভায় আমরা ইউপি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে দেব।”

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন কমিশন সভায়।

এ নির্বাচনের প্রাক প্রস্তুতিমূলক সভা শেষে গত ১৪ সেপ্টেম্বর আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, প্রাথমিকভাবে সাত ধাপে ভোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই অনুযায়ী ১২ নভেম্বর শুরু করে ২৭ মে ভোট শেষ করার কথা ছিল।

তবে ইসির ভাবনা প্রকাশ হওয়ার পর ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদের ভোটের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে সরকার ‘কিছুই জানে না’।

এ পরিস্থিতিতে ইসির তরফে বলা হয়, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হবে।

এর পর বৃহস্পতিবার ইসি জানাল, ইউপি ভোটের দিনক্ষণ ১২ অক্টোবর জানানো হবে। পরে তফসিল (মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের সময়সহ) ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বৃহস্পতিবার বিকালে বলেন, “সোমবারে কমিশন মিটিংয়ে আমরা দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব—ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় স্লটে হবে, কবে হবে।

“তফসিল আমরা ঘোষণা করব না। তফসল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে—কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।”

ইউপি ভোটের স্লটসূচি ঘোষণার পরপরই নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে ইসি।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর সংলাপ হওয়ার থাকলেও নভেম্বরে ভোট করতে না পারায় এ সূচি স্থগিত করা হয়।

পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ কখন হবে, জানতে চাইলে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় স্লটে, কবে হবে জানানোর পরপরই হবে। সব কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে।

“সোমবারে যেহেতু একটা কমিশন মিটিং আছে, সেখানে আমরা আলোচনা করব। তারপরই বলি।”

পুরানো খবর:

জানুয়ারিতে ইউপি ভোট করতে পারবেন, আশা ইসি আনোয়ারুলের
নভেম্বরে না হলে কবে ইউপি নির্বাচন শুরু করবে ইসি
জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সকল ইউপি নির্বাচন সম্পন্ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
ইউপি নির্বাচন: ভোটের খবর জানেন না প্রতিমন্ত্রী, ইসি সচিব বললেন, ‘নো কমেন্টস’
জামানত-ভোটের ব্যয় বাড়িয়ে ইউপি নির্বাচন বিধির সংশোধনের গেজেট জারি
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি: প্রচারে কী করা যাবে, কী করতে মানা